ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে শুক্রবার সকালে ভক্তদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিলে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। বার্তা সংস্থা এএনআই স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত পবিত্র দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনটি উপলক্ষে শিবভক্তদের বিরাট সমাগম ঘটে মন্দিরে। লখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, মন্দিরে নজিরবিহীন জনসমাগম হয়েছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন একসঙ্গে স্টেশনে পৌঁছালে সেই ভিড় আরও বহুগুণ বেড়ে যায়।

মৃত্যুর কারণ সম্পর্কে সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) শিবম কুমার এএনআইকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বেশ কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে, জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, বিশাল জনতার চাপে মন্দিরের প্রতিবন্ধকের এক পাশ হঠাৎ ভেঙে পড়ে, যার ফলেই এই বিপত্তি ঘটে।

প্রশাসন আগে থেকেই ভিড়ের পূর্বাভাস পেয়েছিল এবং সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল বলেও তিনি জানান। তবে এত বিশাল জনসমাগম সামলানো কঠিন হয়ে পড়ে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাতেও পদপিষ্টের ঘটনায় একাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।