আগামী ৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের জন্য হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

ইসি নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে লিংক পাঠানোর শেষ দিন ধার্য করা হয়েছে ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট সেই খসড়া তালিকা প্রকাশ করা হবে। সাধারণ জনগণের কাছ থেকে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা নেওয়া হবে ২৪ আগস্ট পর্যন্ত। আবেদনগুলো নিষ্পত্তি করতে হবে ২৭ আগস্টের মধ্যে। নিষ্পত্তির পর সংশোধিত তথ্য তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ তারিখ ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

চিঠিতে ভোটার হওয়ার যোগ্যতা সম্পর্কেও বিস্তারিত উল্লেখ রয়েছে। ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা, যারা ৩১ জুলাই পর্যন্ত ইসির ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তারাই এই তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এ লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির একটি সমন্বিত সময়সূচি অনুমোদন করেছে কমিশন।

প্রচার কার্যক্রম সম্পর্কে ইসির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মুদ্রিত খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা নেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে-পরে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে এই তথ্য প্রচারের কথাও বলা হয়েছে চিঠিতে।

ইসির এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের সঠিক তথ্য নিশ্চিত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সময়মতো ভোটার তালিকা হালনাগাদ ও প্রকাশের ফলে নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।