কক্সবাজার সফররত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অচিরেই মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করা হবে এবং তার ভিত্তিতে গ্রেপ্তার অভিযান শুরু হবে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবা ও অন্যান্য মাদক চোরাচালানের প্রধান পথ হিসেবে কক্সবাজার পরিচিত। সীমান্ত পথে আসা এই মাদক সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা যুবসমাজের বড় অংশকে ধ্বংস করছে। এই পরিস্থিতি মোকাবেলায় শীর্ষ মাদক চোরাচালানকারী, গডফাদার ও তাদের সহযোগীদের একটি হালনাগাদ তালিকা তৈরি করা হবে এবং পরে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই সভায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সভা শেষে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংস্কারের বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত জেলা টাস্কফোর্স কমিটিও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপের সুপারিশ করেছে। তিনি জানান, টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি, উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের অভ্যন্তরে মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ, শিবিরের অচল সিসিটিভি ক্যামেরা পুনঃস্থাপন, মাদক চোরাচালানের স্থানগুলোতে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন, সাগর ও নদীপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির মতো নানা পদক্ষেপ নেওয়া হবে।
সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি অপহরণ বাণিজ্য ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রোধে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি জানান। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহারছড়ার পাহাড়ে মানুষ অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। তিনি জানান, অপহরণের সঙ্গে মাদক চোরাকারবারিদের সংশ্লিষ্টতা থাকতে পারে এবং সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে পৃথক ক্যাম্প করার সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে।
দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী। রাত আটটায় তিনি হিল ডাউন সার্কিট হাউসের সভায় যোগ দেন।



