ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে নেপালে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। গত ৪ আগস্ট থেকে দেশটির বিভিন্ন প্রান্তে ছবিটির কাজ শুরু হয়েছে। এতে তিনি ‘বন্যা’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন। ছবিটির গল্প সম্পর্কে এখনই কিছু জানাতে রাজি হননি অপু, তবে তাঁর মতে, কাহিনিতে রয়েছে চমকপ্রদ উপাদান। ইউনিক গল্প আর চরিত্রের জন্যই তিনি এই প্রকল্পে যুক্ত হতে সম্মতি দিয়েছেন বলে জানান।

আগের বছরের শেষ দিকে ‘শিকার’ ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এরপর আগস্ট মাসে নেপালে মহরত ও শুটিং করেন পরিচালক কামরুজ্জামান রোমান। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকেশন নির্বাচন এবং প্রি-প্রোডাকশনের কাজ সঠিকভাবে সাজাতে এতটা সময় লেগে যায়। শেষ পর্যন্ত নেপালকেই দৃশ্যধারণের জন্য বেছে নেওয়া হয়। এরপর নায়ক-নায়িকাসহ পুরো দল পৌঁছান পোখারায়।

বুধবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস জানান, ২৮ আগস্ট পর্যন্ত নেপালের বিভিন্ন জায়গায় টানা শুটিং চলবে। কাজ শেষ করেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে ইতিমধ্যে এক ভয়ংকর অভিজ্ঞতার শিকার হয়েছেন তিনি। পোখারায় শুটিংয়ের জন্য গাড়ি থেকে নেমে হাঁটার সময় হঠাৎ একটি সাপের সামনে পড়ে যান অভিনেত্রী। এতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘খুব দারুণ সব লোকেশনে কাজ হচ্ছে। গল্পের প্রয়োজনেই আমাদের নেপাল বেছে নিতে হয়েছে। ভালোই চলছিল সবকিছু। এটা পাহাড়ি এলাকা, অনেক জঙ্গল এখানে। গত মঙ্গলবার পোখারায় শুটিংয়ের জন্য গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটা সাপের সামনে পড়ি। আমি তো ভয়ে লাফ দিয়ে উঠলাম। সাপ এমনিতেই আমার ভয় লাগে। পরে কিছুক্ষণ অপেক্ষা করে শুটিং শুরু করেছি।’

নেপালে এবারই প্রথম নয়, আগেও শুটিং করেছেন অপু বিশ্বাস। তবে সেই সফরের সঙ্গে জড়িয়ে আছে মায়ের স্মৃতি। কয়েক বছর আগে ‘তুমি আমার মনের মানুষ’ ছবির কাজে সেখানে গিয়েছিলেন তিনি। ওই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন শাকিব খান। সে সময় অপু বিশ্বাসের মা-ও তাঁর সঙ্গে ছিলেন। ওই সময়ের কথা মনে করে অপু বলেন, ‘শুটিংয়ের ফাঁকে যেদিকেই যাচ্ছি, মায়ের কথা খুব মনে পড়ছে। মা নেপাল খুব পছন্দ করতেন। এখানে অনেক মন্দির, এটা তাঁর খুব ভালো লাগত। আমার শুটিংয়ের ফাঁকে মা বিভিন্ন মন্দিরে ঘুরতে বের হতেন।’

এবার নেপালের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ করছেন অপু। তাঁর প্রত্যাশা, বড় পর্দায় ‘শিকার’ দর্শকদের চোখে প্রশান্তি দেবে। তিনি বলেন, ‘ছবিটির লোকেশন দারুণ। দর্শক ছবিটি দেখে চোখের আরাম পাবেন।’