রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনালটি এই অভিযোগ আমলে নেয় বলে নিশ্চিত হওয়া গেছে। গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এই মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগপত্রে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের (যার কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নাম রয়েছে। বর্তমানে এই মামলার চারজন আসামি কারাগারে বন্দী আছেন। ট্রাইব্যুনাল আগামী ২৩ আগস্ট তাঁদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

অপরদিকে, খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ মোট ৩৪ জন আসামি পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল-২। পলাতক এই আসামিদেরও গ্রেপ্তার করে ২৩ আগস্টের মধ্যে আদালতে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩০ জুলাই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামে দুজন আন্দোলনকারী নিহত হয়েছিলেন। এ সময় আরও অনেককে গুরুতর আহত করা হয়। এই মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে।