দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রাহক নিয়োগে স্বচ্ছতা না থাকার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় ছাত্রদল। মঙ্গলবার দুপুরে পৌরসভার শহীদ মিনারে প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে শহরে মিছিল বের করেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ মিনার থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।

উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ১০ মার্চ কুলঞ্জ ইউনিয়নের একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। বর্তমানে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে কার্ড বিতরণের জন্য তথ্য সংগ্রহকারী নিয়োগের প্রক্রিয়া চলমান। ইউএনও কার্যালয় থেকে প্রায় সপ্তাহখানেক আগে পরীক্ষা নেওয়ার পর প্রকাশ করা হয়েছে সুপারভাইজার ও তথ্য সংগ্রাহকদের তালিকা।

অভিযোগকারীদের পক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী জানান, প্রকাশিত তালিকায় থাকা ১৩ জনের নাম তারা ইউএনও বরাবর জমা দিয়েছেন। তাদের দাবি, এসব ব্যক্তির মধ্যে কেউ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত, আবার কেউ ইউএনও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর আত্মীয়। গত বৃহস্পতিবার এসব নাম বাদ দেওয়ার অনুরোধ জানানো হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান তিনি। ফলে বাধ্য হয়ে তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

এ বিষয়ে ইউএনও সনজীব সরকার বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্যকে নিয়োগ দেওয়া হবে না। ছাত্রদলের দেওয়া নামের তালিকা খতিয়ে দেখা হচ্ছে এবং একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি যাচাই করছে। স্থানীয় সংসদ সদস্যকেও অবগত করা হয়েছে। তিনি আরও বলেন, এখনো কোনো কর্মীর প্রশিক্ষণ বা কার্যক্রম শুরু হয়নি; নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে তাদের লোক নিয়োগের চাপ আসছে বলেও মন্তব্য করেন তিনি।