২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় তিন মহাদেশের সাত দেশের ১৩ জন লেখকের উপন্যাস স্থান পেয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই তেরো জনের মধ্যে দশজনই প্রথমবারের মতো বুকারের দীর্ঘ তালিকায় নাম লিখিয়েছেন। কেনান ওরহান, রেবেকা পেরি ও জামেল হোয়াইটের জন্য এটি বিশেষ অর্জন, কারণ এটিই তাদের প্রথম প্রকাশিত উপন্যাস।
প্যানেলের নেতৃত্বে থাকা মেরি বেয়ার্ড মন্তব্য করেন, তালিকাভুক্ত প্রতিটি বই পাঠককে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং পরিচিত জগৎকে ভিন্নভাবে দেখতে প্রেরণা জোগাবে। প্যানেলের আরেক সদস্য, পাল্প ব্যান্ডের প্রধান গায়ক জার্ভিস ককারও বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উডের অভিমত, এ বছরের নির্বাচনে মৌলিক ও সাহসী গল্পগুলোই প্রাধান্য পেয়েছে।
তালিকায় আছেন দুই প্রাক্তন বুকার জয়ী। ২০১৫ সালে জয়ী মারলন জেমস তার পঞ্চম উপন্যাস 'দ্য ডিজঅ্যাপিয়ারার্স' এবং ২০২০ সালের জয়ী ডগলাস স্টুয়ার্ট তার তৃতীয় উপন্যাস 'জন অব জন' নিয়ে এবার জায়গা করে নিয়েছেন। এ দুজনের কেউ যদি পুরস্কার জেতেন, তাহলে বুকারের ইতিহাসে মাত্র পঞ্চম লেখক হিসেবে দুইবার এই সম্মান অর্জনের কৃতিত্ব গড়বেন। অন্যদিকে, এলিজাবেথ স্ট্রাউট তৃতীয়বারের মতো দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছেন তার 'দ্য থিংস উই নেভার সে' উপন্যাসের জন্য।
বয়সের ভিন্নতাও এ বছর লক্ষণীয়। তালিকায় সবচেয়ে প্রবীণ হলেন ৮১ বছর বয়সী এম. জন হ্যারিসন, যার 'দ্য এন্ড অব এভরিথিং' প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে। আর সবচেয়ে কম বয়সি প্রতিযোগী ২৮ বছর বয়সী আইরিশ লেখক জামেল হোয়াইট, যার উপন্যাসের নাম 'অল দেম ডগস'।
এ বছরের দীর্ঘ তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য উপন্যাসগুলো হলো: ক্লোয়ি আরিদিজের 'দ্য শ্যাডো অব দ্য অবজেক্ট', এমা ক্লাইনের 'সুইটজি', ম্যাকেনা গুডম্যানের 'হেলেন অব নোওয়্যার', লিউক কেনার্ডের 'ব্ল্যাক ব্যাগ', কেনান ওরহানের 'দ্য রেনোভেশন', রেবেকা পেরির 'মে উই ফিড দ্য কিং', গোয়েনডোলিন রাইনেরি 'দ্য পাম হাউস', এবং মিসৌরি উইলিয়ামসের 'দ্য ভিভিসেটরস'।
মোট ১৬৩টি জমা পড়া উপন্যাস থেকে বিচারক প্যানেল এই ১৩টি বই বাছাই করেছে। পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করার কথা রয়েছে, এবং ৯ নভেম্বর চূড়ান্ত জয়ীর নাম জানা যাবে।




