বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো অনুমোদিত ব্যয় এখন আন্তর্জাতিক ডেবিট, প্রি-পেইড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি বা অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন অর্থ পরিশোধের ক্ষেত্রে এ কার্ড ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সোমবার জারি হওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষার্থী অথবা তাঁর পক্ষে যিনি পড়াশোনার খরচ বহন করছেন — এমন ব্যক্তির নামে এডি ব্যাংকগুলো এই কার্ড ইস্যু করতে পারবে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও ভর্তি সংক্রান্ত প্ল্যাটফর্মগুলোতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে লেনদেনের চাহিদা ক্রমেই বাড়ছে, সেই প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষাব্যয় পরিশোধের জন্য করা লেনদেনগুলো ভ্রমণ কোটার আওতাভুক্ত হবে না। ফলে শিক্ষা-সংক্রান্ত এই ব্যয় বিদ্যমান ভ্রমণসুবিধার বাইরে আলাদাভাবে বিবেচনা করা হবে। কার্ড ইস্যুর সময় সব ধরণের নিয়ন্ত্রণমূলক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট এডি ব্যাংকের ওপর।

শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা-সংক্রান্ত বৈধ ব্যয় পরিশোধের জন্যই এই কার্ড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এছাড়া, এডি ব্যাংকগুলোকে যথাযথ নথি সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে প্রতিটি লেনদেনের বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই নির্দেশনা কার্যকর হলে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।