নড়াইল সদর উপজেলার একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে এই নৃশংস ঘটনা ঘটে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী যুবক রবিউল সিকদার (৩০) পলাতক। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী রবিউল তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার আগে রবিউলের ঘরের মেঝেতে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা। কিন্তু সেখানে রবিউল উপস্থিত ছিল না।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। ধর্ষণের কোনো আলামত পাওয়া গেছে কি না, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শিশুটির চাচা মুজিবুর রহমান জানান, রবিউলের স্ত্রী ও সন্তানরা আগেই তাকে ছেড়ে চলে গেছে। সে ঘরটিতে একাই থাকত। সেখানে গিয়ে তারা মরদেহ দেখতে পান। তাঁর অভিযোগ, রবিউল শিশুটিকে ধর্ষণ করে হত্যা করেছে এবং মরদেহ ঢেকে রেখে পালিয়ে গেছে।

ঘটনাটিকে নৃশংস হিসেবে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে আসামি শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের সব টিম মাঠে নেমেছে এবং দ্রুত গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।