বিশ্বের বৃহত্তম পেমেন্ট প্রক্রিয়াকরণ সংস্থাগুলোর একটি ভিসা তাদের গ্রাহকদের জন্য একটি নতুন পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি বৃহস্পতিবার জানিয়েছে, ‘ভিসা স্টেবলকয়েন প্ল্যাটফর্ম’ নামের এই অভ্যন্তরীণ ব্যবস্থাটি ব্যাংক এবং ফিনটেক প্রতিষ্ঠানগুলোকে তাদের বিদ্যমান ভিসা পেমেন্ট ও ট্রেজারি ওয়ার্কফ্লোর মধ্যেই স্টেবলকয়েন পরিচালনা করতে সক্ষম করবে। স্টেবলকয়েন হলো এক ধরনের ক্রিপ্টোকারেন্সি যা ডলারের সমমূল্য বজায় রাখার জন্য রিজার্ভ দ্বারা সুরক্ষিত থাকে।

প্রায় ১৫ ট্রিলিয়ন ডলারের বার্ষিক লেনদেন নিষ্পত্তি করে ভিসা। কোম্পানিটি ইতিমধ্যেই কয়েক বিলিয়ন ডলারের স্টেবলকয়েন লেনদেন প্রক্রিয়া করে থাকে। এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের নেটওয়ার্কের প্রায় ১৫ হাজার আর্থিক প্রতিষ্ঠান এবং ২০০ মিলিয়নেরও বেশি মার্চেন্টের জন্য স্টেবলকয়েন ব্যবহারের একটি সহজ পথ তৈরি করতে চায়।

ভিসার গ্লোবাল হেড অব গ্রোথ রুবাইল বিরওয়াদকার ফরচুনকে বলেন, “এটি শুধু স্টেবলকয়েন অ্যাক্সেস করার বিষয় নয়, বরং এটি তাদের ট্রেজারি সেটেলমেন্ট, অর্থ স্থানান্তরের ওয়ার্কফ্লো এবং বিদ্যমান ব্যাংক ব্যবস্থার সঙ্গে কীভাবে সমন্বয় সাধন করে সেটাই গুরুত্বপূর্ণ।”

মার্চেন্টদের জন্য স্টেবলকয়েন ব্যবহারের সুবিধা হলো তাৎক্ষণিক এবং অত্যন্ত কম খরচে লেনদেন নিষ্পত্তি করা যায়। অপরদিকে, ব্লকচেইনে স্থানান্তরিত হওয়ার কারণে লেনদেনের একটি স্বচ্ছ এবং কার্যত অপরিবর্তনীয় রেকর্ড তৈরি হয়।

এই প্ল্যাটফর্মটি শুরু হবে ওইউএসডি (OUSD) দিয়ে—একটি নতুন স্টেবলকয়েন যা দুই সপ্তাহ আগে ওপেন স্ট্যান্ডার্ড নামক একটি নবগঠিত কনসোর্টিয়াম চালু করেছে। ওপেন স্ট্যান্ডার্ডের অংশীদার ভিসা এই মুদ্রাকে তাদের স্টেবলকয়েন লাইনআপ সম্প্রসারণের একটি নতুন উপায় হিসেবে দেখছে, পাশাপাশি এটি সার্কেলের ইউএসডিসি এবং প্যাক্সোসের ইউএসডিজির মতো সম্পদগুলোর পরিপূরক হবে।

বিরওয়াদকারের মতে, স্টেবলকয়েন ভবিষ্যতের আর্থিক পরিকাঠামোর কেন্দ্রবিন্দুতে থাকবে। তিনি মনে করেন, প্রাথমিক পর্যায়ে ভিসাকে প্রযুক্তিগত জটিলতা আড়াল করতে হবে যাতে গ্রাহকরা কেবল পেমেন্ট অভিজ্ঞতার দিকে মনোনিবেশ করতে পারেন। সাফল্যের মূল মাপকাঠি হলো ক্লায়েন্টরা যেন স্টেবলকয়েনের সম্ভাবনা বুঝতে পারে এবং তাদের কার্যক্রমে তা একীভূত করতে পারে। তিনি বলেন, “আমরা তাদের এই যাত্রায় সঙ্গে নিয়ে আসতে চাই... গত পাঁচ বছর ধরে আমরা তা করছি, এবং এটি কেবল পরবর্তী ধাপ।”

২০২০ সালের মার্চ মাসে ভিসা প্রথম পেমেন্ট নেটওয়ার্ক হিসেবে ইউএসডিসিতে লেনদেন নিষ্পত্তি করে। গত ডিসেম্বরে তারা একটি স্টেবলকয়েন সেটেলমেন্ট প্রোগ্রাম চালু করে, যা বিশ্বের কোনো বড় পেমেন্ট কোম্পানির পক্ষে প্রথম উদ্যোগ। বিরওয়াদকারের মতে, ভিসা স্টেবলকয়েন প্ল্যাটফর্ম তাদের সব বিদ্যমান স্টেবলকয়েন পরিষেবাগুলোর জন্য একটি ছাতার মতো কাজ করবে।

তবে স্টেবলকয়েনের সম্ভাবনার দিকে নজর দিচ্ছে শুধু ভিসাই নয়। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকান এক্সপ্রেস এবং মাস্টারকার্ডও ওপেন স্ট্যান্ডার্ডের ওইউএসডি চালুতে অংশীদার হয়েছে। গত মাসে মাস্টারকার্ড ব্যাংক ও পেমেন্ট ফার্মগুলোর জন্য কার্ড লেনদেন নিষ্পত্তির একটি নতুন উপায় হিসেবে স্টেবলকয়েন চালু করে, যা ছয়টি নিয়ন্ত্রিত ডলার-সমর্থিত সম্পদ দিয়ে শুরু হয়েছে। মাস্টারকার্ডের বৃহত্তর স্টেবলকয়েন কৌশল মূলত অংশীদারিত্বভিত্তিক—তারা মুনপের মতো প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করছে এবং প্যাক্সোসের গ্লোবাল ডলার নেটওয়ার্কের মতো কনসোর্টিয়ামে যোগ দিয়েছে যাতে ব্যবহারকারীরা মাস্টারকার্ড কার্ডের মাধ্যমে স্টেবলকয়েন ব্যয় ও গ্রহণ করতে পারে।