ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়িকা পূর্ণিমা আজ ১১ জুলাই তাঁর জন্মদিনে এক ভিন্নধর্মী অভিজ্ঞতার সাক্ষী হলেন। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘জোছনার ওপারে পূর্ণিমা’–র শুটিং সেটে পা রাখার মুহূর্ত থেকেই শুরু হয় চমকের পর চমক।

অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই চ্যানেল আই কর্তৃপক্ষ মূল ফটক থেকে স্টুডিও পর্যন্ত পুরো করিডর সাজিয়ে তোলে পূর্ণিমার প্রায় তিন দশকের বর্ণাঢ্য অভিনয়জীবনের নানা আলোকচিত্রের কাটআউটে। লালগালিচা বিছানো সেই পথ ধরে হাঁটতে হাঁটতে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নতুন করে দেখার সুযোগ পান তিনি।

১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া এই অভিনেত্রীর চলচ্চিত্রযাত্রা শুরু হয় মাত্র ১৫ বছর বয়সে, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে। রিয়াজের বিপরীতে অভিষেকের পর গত ২৮ বছরে তিনি প্রায় ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৩ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি সিনেমা করেছেন রিয়াজের সঙ্গে, সংখ্যাটি প্রায় ২৫। মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভর মতো দেশের প্রায় সব প্রথম সারির নায়কের বিপরীতে কাজ করেছেন তিনি।

বাণিজ্যিক ছবির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘শাস্তি’ এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত সাহিত্যধর্মী চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। উপস্থাপনা ও নাটকের জগতেও তিনি সমান সফল। জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক ‘লাল নীল বেগুনী’ নাটকে তাঁর অভিনয় বেশ আলোচিত হয়।

স্টুডিওতে প্রবেশের পর আরেকটি চমক হিসেবে সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল তাঁকে স্বাগত জানান। পরে দুজনে এক আড্ডাভিত্তিক আয়োজনে অংশ নেন, যেখানে পূর্ণিমার অভিনয়জীবনের সূচনা, স্মরণীয় চলচ্চিত্র, প্রিয় সহশিল্পী, পছন্দের গান ও খাবারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা অজানা প্রসঙ্গ উঠে আসে।

তবে সবচেয়ে অভিনব মুহূর্তটি আসে জন্মদিনের কেক কাটার সময়। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উপস্থিতিতে কেক কাটতে গিয়ে হঠাৎ ছুরিতে বাধা অনুভব করেন পূর্ণিমা। নরম কেকের ভেতর যেন লুকানো ছিল কোনো শক্ত বস্তু। কৌতূহল নিয়ে কেকের ভেতর থেকে বের করা হয় একটি ছোট বাক্স। তবে সেই বাক্সের ভেতরে ঠিক কী ছিল, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এই রহস্যময় উপহার পেয়ে পূর্ণিমা অভিভূত হন এবং মন্তব্য করেন, আয়োজনটি তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ইফতেখার মুনিমের প্রযোজনায় নির্মিত ‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানটি আজ শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।