পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল ভারত সফরে যেতে পারে বলে খবর পাওয়া গেছে। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতিমধ্যে ভারতীয় সংগঠকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। সদ্যসমাপ্ত বিশ্বকাপ চলাকালেই ভারতীয় প্রতিনিধি ও সিবিএফের মধ্যে এই কথাবার্তা শুরু হয়। বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের বিপুল উন্মাদনা ব্রাজিল কর্তৃপক্ষের নজর কেড়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেলেসাওদের নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক সাড়া ফেলার পর সেখানে ম্যাচ আয়োজনের আগ্রহ তৈরি হয় ব্রাজিলের।

সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যবর্তী সময়ে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি ম্যাচ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর তৃতীয় ম্যাচটির জন্য ভারতকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবিত এই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ভারতের পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারেও ম্যাচটি আয়োজনের আলোচনা থাকলেও বর্তমানে শুধু ভারতের সঙ্গেই আলোচনা এগোচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ম্যাচটি কলকাতায় আয়োজিত হলে শহরটির সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হবে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেনসে খেলে গিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি তিনবার বিশ্বকাপ জিতেছিলেন। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অভিযান শেষ হয়েছে চরম হতাশায়। নকআউট পর্বের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটাই ব্রাজিলের দ্রুততম বিদায়। টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়ুস জুনিয়র চারটি গোল ও একটি অ্যাসিস্ট করলেও দলকে বাঁচাতে পারেননি। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখা ব্রাজিলকে তাই মাঠ ছাড়তে হয়েছে হতাশায়। প্রীতি ম্যাচ দিয়ে সেই ব্যর্থতা ভুলে নতুন করে শুরুর পরিকল্পনা করছে সেলেসাওরা।