লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ঘনিষ্ঠ সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনালেই সম্ভবত শেষবারের মতো মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। গত রোববার স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় মেসির দলের। ওই ম্যাচ নিয়েই পারেদেসের মন্তব্য, পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁরা চেয়েছিলেন শেষ ম্যাচটি যেন কখনো না আসে। তাঁর ধারণা, মেসি আগেই ঠিক করে রেখেছিলেন যে বিশ্বকাপের ফাইনাল হবে জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ।

বোকা জুনিয়র্সের মিডফিল্ডার পারেদেস কোপা সুদামেরিকানা প্লে–অফের ম্যাচে নিজের ক্লাবের জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তাঁকে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। পারেদেস প্রথমে বললেন, এটি সত্যিই কষ্টের বিষয়। কারণ পুরো বিশ্বকাপে তারা এই মুহূর্তটিকে এড়িয়ে চলতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, মনে হচ্ছে মেসি নিজেও জেনেই খেলছিলেন যে এটাই শেষ। তবে গুরুত্ব বুঝতে পেরে পারেদেস দ্রুত যোগ করেন, ‘আমি আশা করি তা না হয়। আশা করি, সে খেলা চালিয়ে যেতে পারবে। সিদ্ধান্ত তার নিজের। যা তাকে খুশি করবে, নিশ্চিতভাবেই সেটা আমাদেরও খুশি করবে।’

উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের দুই খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বিতর্কের মুখে পড়েছিলেন পারেদেস। ফিফা সেই ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়েও এখনো নিশ্চিত নন পারেদেস। ৩২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘আমি এখনো জানি না। এ নিয়ে ভাবতে হবে, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটি নিশ্চিতভাবেই এমন একটি বিষয় যা নিয়ে আমাদের কথা বলতে হবে। অনেকের জন্যই খেলা চালিয়ে যাওয়া না–যাওয়ার সিদ্ধান্ত কঠিন হতে যাচ্ছে।’

আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, মেসি এখনই অবসর নিচ্ছেন না। তিনি আরও কয়েক মাস খেলা চালিয়ে যেতে চান। এ সময়ের মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁর জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে, যাতে ঘরের দর্শকদের সামনে মেসি শেষবারের মতো মাঠে নামতে পারেন। তবে পারেদেসের মন্তব্যে সেই সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক সমর্থকের মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর এই বক্তব্য।