সদ্য সমাপ্ত বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হিসেবে বিবেচিত হয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ তারকার দাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে যায়। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা পৌঁছে যায় ২৮.৩ মিলিয়নে, যা থিবো কোর্তোয়া, মানুয়েল নয়ার ও ইকার ক্যাসিয়াসের মতো কিংবদন্তি গোলরক্ষকদেরও ছাড়িয়ে যায়। সমর্থকদের ভোটে গঠিত টুর্নামেন্ট সেরা একাদশেও জায়গা করে নেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগেই পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তখন কেউই কল্পনা করেনি যে এই গোলরক্ষকই বিশ্বকাপের নায়ক হয়ে উঠবেন। এখন তিনি পেশাদার ক্যারিয়ারে আরও এক বা দুই মৌসুম খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ভোজিনিয়া জানান, তিনি এমন একটি দল চান যেখানে তার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্য দেওয়া হবে, শুধু বিপণনের জন্য নয়। এর আগে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও উঠেছিল।
অবশেষে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর পথে পা বাড়ালেন এই তারকা। ক্লাবটির সভাপতি আনিবাল মোসা শুক্রবার নিশ্চিত করেছেন যে ভোজিনিয়া শিগগিরই চিলিতে আসবেন। সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্নের পর এস্তাদিও মনুমেন্তালে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। মোসা বলেন, ‘ভোজিনিয়া কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে পৌঁছাবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হবে।’ তবে দুই পক্ষের মধ্যে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি ছবি পোস্ট করে ভোজিনিয়াকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে। কেপ ভার্দের এই গোলরক্ষকের কোঁকড়ানো চুলের সংকেত দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে ‘অরা।’ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামও ওই পোস্টে মন্তব্য করে লিখেছেন, ‘দ্য বেস্ট।’ একজন সমর্থক লিখেছেন, ‘তাঁর কারণে কত শিশু যে গোলরক্ষক হতে চাইবে! এটি দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে।’ নতুন দল পাওয়ার ঘোষণা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
কোলো কোলো চিলির সবচেয়ে জনপ্রিয় ও সফল ফুটবল ক্লাবগুলোর একটি। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব সান্তিয়াগো শহরের প্রতিনিধিত্ব করে। বর্তমানে দলের কোচ আর্জেন্টিনার ফার্নান্দো অর্তিজ। দলে আছেন আর্তুরো ভিদালের মতো পরিচিত মুখ। ক্লাবটি এখন পর্যন্ত ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং ১৯৯১ সালের কোপা লিবার্তোদোরেস জিতেছে, যা কোনো চিলিয়ান ক্লাবের প্রথম ও একমাত্র লিবার্তোদোরেস শিরোপা।




