বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। অন্যদিকে, নিলামের প্রস্তুতি হিসেবে সাকিব আল হাসানকে এমআই এমিরেটস এবং তাসকিন আহমেদকে শারজা ওয়ারিয়র্স তাদের স্কোয়াড থেকে বাদ দিয়েছে।

আগামী ২২ নভেম্বর থেকে পর্দা উঠবে টুর্নামেন্টের পঞ্চম আসরের। এর আগে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার নিলাম। দলগুলো আজ তাদের ধরে রাখা এবং নতুন করে চুক্তিবদ্ধ হওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতেই মোস্তাফিজের নাম থাকায় ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। শুধু বাংলাদেশি এই কাটার মাস্টারই নন, রোভম্যান পাওয়েল, মার্কাস স্টয়নিস ও নূর আহমেদকেও ধরে রেখেছে দুবাই।

গত আসরে দুবাই ক্যাপিটালসের জার্সিতে ৮ ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। এই ৮ ম্যাচে বাঁহাতি এই পেসার ১৫ উইকেট শিকার করে দলকে প্লে-অফের পথ দেখিয়েছিলেন। দলটির পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, “ফিজকে ফিরিয়ে আনছি। আমাদের আক্রমণের প্রধান অস্ত্র মোস্তাফিজুর রহমান আরেকটি মৌসুমের জন্য ফিরছেন।”

মোস্তাফিজের পারফরম্যান্সের তুলনায় গত মৌসুমটা ভালো যায়নি সাকিব আল হাসানের। এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচে ব্যাট হাতে মাত্র ১২২.৩৪ স্ট্রাইক রেটে ১১৫ রান করেন তিনি। বল হাতে নিয়েছিলেন মাত্র ৩ উইকেট। তবে সাকিবের চেয়ে কিছুটা ভালো করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। শারজা ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট দখল করেছিলেন তিনি।

শারজা কর্তৃপক্ষ এবার শুধু সিকান্দার রাজাকে দলে রেখেছে। নতুন করে দলে যুক্ত হয়েছেন অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিল। উল্লেখ্য, এর আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজকে আবারও বাছাইপর্বে খেলতে হবে।