প্রথম শ্রেণির ক্রিকেটারদের মর্যাদা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ক্রিকেটে অভিষেকের সময় সবুজ ক্যাপ দেওয়ার প্রচলন থাকলেও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এই রীতি ছিল না। আগামী মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকে প্রথম শ্রেণির ক্রিকেটারদের ‘গ্রিন ক্যাপ’ প্রদান শুরু হবে বলে জানিয়েছে বোর্ড।
বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর জানান, ঘরোয়া ক্রিকেটকে নতুন করে সাজানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রথম শ্রেণির ক্রিকেটের মানোন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কয়েক দফা বৈঠকের পর এই সপ্তাহেই ঘরোয়া ক্রিকেটের নতুন সূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
নতুন সূচি অনুযায়ী, আগের মতোই এনসিএল দিয়ে মৌসুম শুরু হবে। তবে এবার মূল টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহের মধ্যে শুরু হবে এনসিএলের মাইনর লিগ। সভাপতি তামিম ইকবাল ইংলিশ কাউন্টি ক্রিকেটের আদলে এই মাইনর লিগ চালুর কথা আগেই জানিয়েছিলেন, যেখানে প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা অংশ নিতে পারবেন।
এনসিএলের মান বাড়াতে প্রতিটি দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখার পরিকল্পনাও রয়েছে বিসিবির। এ লক্ষ্যে ইতোমধ্যে কয়েকটি বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।
নিয়মিত সূচির বাইরে এ বছর আরও একটি নতুন টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বিসিবি। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে ‘রাইজিং টাইগার্স টুর্নামেন্ট’ আয়োজন করা হবে। এই টুর্নামেন্টের মাধ্যমেই অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ক্রিকেটার বাছাই করা হবে। বোর্ড ইতোমধ্যে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ভেঙে অনূর্ধ্ব-২৩ জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।



