বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশে সৌদিয়া এয়ারলাইনসের ৪৬ বছর পূর্তি এবং নিজেদের পারস্পরিক অংশীদারিত্ব উদযাপন করেছে। ‘পাওয়ারিং গ্লোবাল কানেক্টিভিটি’ নামের এই বিশেষ আয়োজনের তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ব্যাংকটি।
অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়াহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ ও পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ সহকারী তানভির গণি। সৌদিয়ার পক্ষ থেকে ট্রেজারি অ্যান্ড ট্যাক্সেশন বিভাগের এভিপি মোহাম্মদ আলসিলিমানি আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন।
এছাড়া এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান ও সৌদিয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালমান এ আলআলিও মঞ্চে উপস্থিত ছিলেন।
আলোচিত এ আয়োজনে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের দেশটির মাঝে বিমান যোগাযোগ, বৈশ্বিক বাণিজ্য, পবিত্র হজ ও ওমরাহ ভ্রমণ এবং আর্থিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় ছয়টি প্রতিষ্ঠানকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। সম্মানিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে— বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ, পদ্মা অয়েল, ইউনাইটেড লিংক এবং ফার্স্ট ফরওয়ার্ডিং।
প্রধান অতিথির ভাষণে মন্ত্রী আফরোজা খানম মন্তব্য করেন, বিশ্বস্তরের একটি এয়ারলাইনস ও শীর্ষ আন্তর্জাতিক ব্যাংকের এই মৈত্রী দেখিয়ে দেয় কীভাবে সমন্বিত উদ্যোগ দেশের জন্য নতুন দ্বার উন্মোচনের পথ তৈরি করতে পারে।
এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান তাঁর বক্তব্যে বলেন, যাত্রী পরিবহন ও বাণিজ্যের প্রসারমান চাহিদা মেটাতে সৌদিয়া তার অপারেশন সম্প্রসারণ করছে এবং এতে তাদের বিশেষ ব্যাংকিং জ্ঞান ও দেশীয় বাজার সম্পর্কিত অভিজ্ঞতা দিয়ে এইচএসবিসি সহায়তার ভূমিকা পালন করছে। এর মাধ্যমে বাংলাদেশের জন্য একটি নিরবচ্ছিন্ন বৈশ্বিক সংযোগ নিশ্চিত হচ্ছে।




