ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের ‘কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস)’ বিভাগের জন্য ‘ট্রেইনি অফিসার’ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পদটির কর্মক্ষেত্র নির্ধারিত হয়েছে রাজধানী ঢাকা, এবং এটি পূর্ণকালীন অফিস-ভিত্তিক চাকরি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলেই চলবে। প্রতিষ্ঠানটি নতুন স্নাতকদের আবেদনে বিশেষ উৎসাহিত করলেও, কার্ড বিক্রয় বা সংশ্লিষ্ট খাতে পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
এছাড়া অন্যান্য দক্ষতার মধ্যে বিক্রয় ও গ্রাহকসেবার কৌশল সম্পর্কে জ্ঞান, দর-কষাকষি ও সাবলীল যোগাযোগের দক্ষতা এবং স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা থাকা আবশ্যক। একই সঙ্গে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ও অনলাইন প্ল্যাটফর্ম চালানোর দক্ষতা প্রয়োজন।
এ পদে নির্বাচিত ব্যক্তির প্রধান কাজের মধ্যে থাকবে ক্রেডিট কার্ড বিক্রির জন্য সম্ভাব্য গ্রাহক খুঁজে বের করা ও তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন। কার্ডের বিভিন্ন সুবিধা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করে গ্রাহদের আবেদন ফরম পূরণে সহায়তা করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, কার্ড সক্রিয়করণ নিশ্চিতকরণ এবং পরিপূরক কার্ড ব্যবহারে উৎসাহ প্রদানও দায়িত্বের আওতায় পড়বে। গ্রাহকের প্রশ্নের উত্তর ও অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিদিন ও সাপ্তাহিক বিক্রয় রিপোর্ট প্রস্তুত করে লাইন ম্যানেজারের নিকট জমা দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে।
পদটির জন্য মাসিক মোট বেতন ধার্য করা হয়েছে ৩১,০০০ টাকা। এছাড়া উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন খরচ ফেরত, এবং ছুটিসহ ব্যাংকের মানবসম্পদ নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ট্রিয়ানি পর্যায় সফলভাবে শেষ করার পর কর্মীজনের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তাঁদের স্থায়ী কর্মচারী হিসেবে জুনিয়র অফিসার পদে অন্তর্ভুক্ত করার সুযোগও রয়েছে।




