জ্বালানি সংকট, বিদ্যুৎ মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার বিকেলে শহরের কোর্ট মসজিদের সামনে জড়ো হওয়ার সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান, জেলা কমিটির সদস্য মীর্জা সুমন ও রকি আহমেদকে আটক করে পুলিশ। ঘটনার সময় সংগঠনের নেতা-কর্মীরা বাধা দিতে এলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে 'বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া এবং এসআই সন্তোষকে আগুনে পোড়ানোর' বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন মাহদী হাসান। তখন তাঁকে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হচ্ছিল। সংগঠনের আহ্বায়ক আরিফ তালুকদার জানান, এটি স্থানীয় ছাত্র-জনতার কর্মসূচি ছিল এবং তাঁরাও তাতে সংহতি প্রকাশ করেছিলেন। পুলিশ নিরাপত্তার কথা বলে মাহদী হাসানকে থানায় নিয়ে গেছে এবং আশ্বাস দিয়েছে সবাইকে ছেড়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশের চেষ্টা এবং জননিরাপত্তার স্বার্থে এই তিনজনকে আটক করা হয়েছে। রাত আটটা পর্যন্ত তাঁরা থানা হেফাজতে ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।