টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির মধ্যে আর্থিক অবস্থানের বিশাল ব্যবধান রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও আর্থিক বিশ্লেষণ প্রতিষ্ঠানের তথ্য বলছে, টেইলর সুইফটের সম্পদ তার জীবনসঙ্গী ট্রাভিস কেলসির চেয়ে প্রায় বিশ গুণ বেশি। ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, টেইলর সুইফটের মোট সম্পদ অন্তত ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৮০ কোটি ডলার)। কিছু প্রতিষ্ঠানের হিসাবে এটি ২০০ কোটিরও বেশি। বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এই পরিমাণ প্রায় ২ লাখ ২০ হাজার কোটি টাকা।
টেইলরের এই বিপুল সম্পদের পেছনে রয়েছে তার সঙ্গীত জীবন। তাঁর গানের রয়্যালটি ছাড়াও দ্য ইরাস ট্যুর, বিভিন্ন প্রকাশনা, পণ্য বিক্রি ও রিয়েল এস্টেটে বিনিয়োগ থেকে এই অর্থ এসেছে। টেইলর সুইফটের গান শুধু বিনোদন নয়, বরং তার ভক্তদের কাছে এক ধরনের থেরাপির মতো। ‘সুইফটি’ নামে পরিচিত তার ভক্তেরা জানেন, টেইলর তাঁর জীবনের প্রতিটি অভিজ্ঞতা—প্রেম, বিচ্ছেদ, বন্ধুত্ব, মানসিক আঘাত, আত্মপ্রত্যয় পুনরুদ্ধার—সবকিছু গানের মাধ্যমে প্রকাশ করেছেন। ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’, ‘ব্লাঙ্ক স্পেস’, ‘ক্রুয়েল সামার’, ‘কার্ডিগান’, ‘লাভার’—প্রতিটি গান যেন একেকটি অধ্যায়। কান্ট্রি থেকে পপ, পরে অল্টারনেটিভ ও ফোক ঘরানায় পথচলা টেইলরকে বিশ্বের অন্যতম সেরা শিল্পীতে পরিণত করেছে।
অপরদিকে ট্রাভিস কেলসির আর্থিক অবস্থানও কম নয়, তবে টেইলরের তুলনায় তা অনেক কম। বিভিন্ন আর্থিক বিশ্লেষণে দেখা গেছে, ট্রাভিস কেলসির মোট সম্পদ প্রায় ১৮ থেকে ২০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪৫০ কোটি টাকা)। ন্যাশনাল ফুটবল লিগে খেলার চুক্তি, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ভাই জ্যাসন কেলসির সঙ্গে পরিচালিত ‘নিউ হাইটস’ পডকাস্ট ও বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ থেকে এই সম্পদ অর্জিত। ট্রাভিস একজন সফল ফুটবলার হিসেবে কানসাস সিটি চিফসের হয়ে সুপার বোল জিতেছেন।
জনপ্রিয়তার দিক থেকেও টেইলর সুইফট এগিয়ে। ইনস্টাগ্রামে টেইলরের অনুসারী ২৭ কোটি ৩০ লাখ, অথচ ট্রাভিস কেলসির অনুসারী মাত্র ৭৭ লাখ। তবে টেইলরের সঙ্গে প্রেম প্রকাশ্যে আসার আগে ট্রাভিসের অনুসারী ছিল মাত্র ২৫ লাখের মতো। সম্পর্ক সামনে আসার কয়েক দিনের মধ্যেই তাঁর অনুসারীর সংখ্যা ৩৮ থেকে ৪০ লাখে পৌঁছে যায়। সম্প্রতি এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যা বিশ্বব্যাপী আলোচিত হয়েছে। টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি দম্পতি হিসেবে পরিচিত।




