বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক আলিসন বেকার। তার অসাধারণ প্রতিক্রিয়া, চাপ সামলানোর ক্ষমতা ও দলের প্রতি বিশ্বস্ততা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ দিনের শৃঙ্খলা ও ধারাবাহিক পরিশ্রম। তার ফিটনেস রুটিন ও খাদ্যাভ্যাসই তাকে মাঠের সেরা হতে সাহায্য করছে।
গোলরক্ষক হিসেবে আলিসনের প্রশিক্ষণ পদ্ধতি অন্য পজিশনের খেলোয়াড়দের চেয়ে ভিন্ন। নিয়মিত ডাইভিং, দ্রুত প্রতিক্রিয়া, ভারসাম্য ও শরীর নিয়ন্ত্রণের অনুশীলন করেন তিনি। জিমে তার প্রধান নজর থাকে পায়ের শক্তি, কোর স্ট্যাবিলিটি ও ভারসাম্য বৃদ্ধির ওপর। পাশাপাশি কখন গোললাইন ছেড়ে এগিয়ে আসতে হবে বা প্রতিপক্ষের আগে কীভাবে বলের কাছে পৌঁছাতে হবে — এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতেও অনুশীলন চালিয়ে যান।
চোট ক্রীড়াজীবনের অংশ, তবে আলিসনের বিশেষত্ব হলো পুনর্বাসনে তার নিষ্ঠা। শরীরের হ্যামস্ট্রিং বা পেশির সমস্যা দেখা দিলে ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে নিয়মিত সেশন চালিয়ে যান। প্রয়োজনে দিনে একাধিকবার পুনর্বাসনেও অংশ নেন, যাতে দ্রুত ও নিরাপদে মাঠে ফিরতে পারেন।
শারীরিক সক্ষমতা বজায় রাখতে দিন শুরু করেন পর্যাপ্ত পানি পানের মাধ্যমে, সঙ্গে রাখেন ভেষজ চা। সকালের জলখাবারে ওটস, দই এবং কিউইসহ নানা মৌসুমি ফল থাকলেও দুপুরের তালিকায় থাকে চর্বিহীন মাংস, মাছ বা অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার। দ্রুত শক্তি জোগাতে পরিমিত কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর চর্বিও রাখেন। নিজের দেশের ঐতিহ্যবাহী 'চুরাস্কো' বারবিকিউ তিনি পরিবারের সঙ্গে উপভোগ করেন, তবে সংযম ও ভারসাম্যের বিষয়টি মাথায় রাখেন।
প্রশিক্ষণের পর প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ শেক বা স্মুদি শরীর পুনরুদ্ধারে সাহায্য করে। বিশ্রাম, পর্যাপ্ত ঘুম, স্ট্রেচিং এবং ম্যাসাজ তার রুটিনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি মনে করেন, কঠোর অনুশীলনের পাশাপাশি দেহের পুনরুদ্ধার প্রক্রিয়াও প্রশিক্ষণেরই একটি অংশ।
প্রতিদিন নিজেকে আরও উন্নত করার মানসিকতা, সুষম খাদ্যাভ্যাস, সঠিক প্রশিক্ষণ ও সঠিক বিশ্রাম—এই সমন্বিত পদ্ধতিই আলিসন বেকারকে বিশ্বমানের গোলরক্ষকের তালিকায় সামনের সারিতে রাখছে। তার জীবনযাপন প্রমাণ করে, দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য নিয়মানুবর্তিতা ও ধারাবাহিকতার বিকল্প নেই।




