গত বছর জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান থেকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হয়েছিল শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে। ওই ঘটনায় তাঁর মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দিয়েছে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগ দাখিল করা হয়, যা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আমলে নিয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আসামির তালিকায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম এবং সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান। এ ছাড়া সাবেক পরিদর্শক এ এফ এম সায়েদ, সাবেক এএসআই মোহাম্মদ আলী, সাবেক নায়েক মো. সুহেল মিয়া ও সাবেক কনস্টেবল মো. মাহফুজ মিয়াকেও আসামি করা হয়েছে।
অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান, তেতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য মেহেদী হাসান তুষার, সাবেক চেয়ারম্যানের পিএস মো. রাজু আহম্মেদ, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ, সাবেক সহসভাপতি জামান খাঁন, ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমান ও শরফ আশরাফুল আলম।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান থেকে ইয়ামিনকে টেনে নিচে ফেলে দেওয়া হয়। ওই সময়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়, যেখানে দেখা যায় তাঁকে জীবন্ত অবস্থায় এপিসি থেকে ফেলে দেওয়া হচ্ছে। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়েছে, একজন জীবিত মানুষকে এভাবে সাঁজোয়া যান থেকে ফেলে দেওয়া মানবতাবিরোধী অপরাধের শামিল।
ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এমআইএসটির ওসমানী হলে থাকতেন এবং সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় তাঁর বাড়ি। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে।




