চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামের একটি ইন্টারনেট সেবাপ্রতিষ্ঠানে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির মালিকের কাছে সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন প্রথমে ফোন করে দুই কোটি টাকা এককালীন চাঁদা দাবি করেন। পাশাপাশি মাসিক ভিত্তিতে আরও ১০ লাখ টাকা চাঁদা দেওয়ার কথা বলা হয়। কিন্তু টাকা না পাওয়ায় ফোন করার দুই দিনের মাথায় হামলা চালানো হয়। ঘটনায় সন্ত্রাসীরা অফিসে থাকা ৩৫ লাখ টাকাও লুট করে নিয়ে যায়।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আজ রোববার দুপুরে চান্দগাঁও র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, গতকাল রাতে নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে রোহেন মিয়াসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপর ৮ জন হলেন মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আবদুল মুমিন (৩০), মো. মাসুদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮) ও মো. সাইফুদ্দিন (৩২)।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা হাফিজুর আরও বলেন, এই হামলায় রোহেন মিয়াসহ তিনজন নেতৃত্ব দেন। পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা তিন ভাগে বিভক্ত হয়ে কাজ করে। প্রথম দলটি রাউজান, চকবাজার, বাকলিয়া ও বহদ্দারহাট এলাকা থেকে জড়ো হয়। সেখান থেকে অটোরিকশায় বাকলিয়া অ্যাকসেস রোডে পৌঁছায়। দ্বিতীয় দলটি সড়কের পাশে অবস্থান নেয়—যাতে র্যাব বা পুলিশের মতো আইনশৃঙ্খলা বাহিনী এলে দ্রুত সতর্ক করা যায়। তৃতীয় দলটি সরাসরি ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায়।
গ্রেপ্তার আসামিদের কাছ থেকে চারটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চারজনকে শনাক্ত করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদেরও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই দুপুরে ওই প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ১৫-২০ জনের একটি দল হঠাৎ করে ডিডিএনের কার্যালয়ে ঢুকে পড়ে। দেশি অস্ত্রধারী ব্যক্তিরা অফিসের কম্পিউটার, কর্মচারীদের মুঠোফোন ও আসবাবপত্র ভাঙচুর করে। একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে আঘাত করতে দেখা যায়। এই ঘটনায় চকবাজার থানায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের আসামি করে মামলা দায়ের করা হয়, যেখানে চাঁদা না দেওয়ায় হামলার বিষয়টি উল্লেখ করা হয়।




