নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলীকে (৩৪) ছুরি দিয়ে আঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন পলাতক রয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে নড়াইল শহরের আলাদাতপুর এলাকায় বিদ্যালয় চত্বরে এই ঘটনা ঘটে।

জানা যায়, ওইদিন দুপুরে শিক্ষার্থীদের বেতন জমা দিতে বিদ্যালয়ে আসেন অভিভাবকেরা। এক অভিভাবক অফিস সহকারী রাকিব হোসেনের কাছে বেতন দিতে চাইলে তিনি দেরি হওয়ার অজুহাতে তা নিতে অস্বীকৃতি জানান। এতে ওই অভিভাবকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে রাকিব ওই অভিভাবকসহ উপস্থিত আরও কয়েকজন অভিভাবকের সঙ্গে অশোভন আচরণ করেন।

বিষয়টি টের পেয়ে প্রধান শিক্ষক উজির আলী রাকিবকে নিজ কার্যালয়ে ডেকে অসদাচরণের কারণ জানতে চান। এতে রাকিব ক্রুদ্ধ হয়ে ওঠেন। পরে প্রধান শিক্ষক কক্ষ থেকে বের হওয়ার সময় রাকিব তাঁর হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করেন।

আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রধান শিক্ষকের হাত ও মুখসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পরপরই স্কুল থেকে পালিয়ে যান অভিযুক্ত রাকিব হোসেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত রাকিব হোসেন নড়াইল সদর উপজেলার মাছিনদিয়া গ্রামের বাসিন্দা।