রাঙামাটির সাজেক ভ্যালিতে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আজ শুক্রবার সকালে শেষ দলের ৪১১ পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর আগে গতকাল প্রথম দফায় ১৫০ জন পর্যটক সাজেক ত্যাগ করেছিলেন। বর্তমানে সাজেক ভ্যালিতে আর কোনো পর্যটক অবস্থান করছেন না বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে দীঘিনালা-বাঘাইহাট-মাচালং-সাজেক সড়কের একাধিক অংশ প্লাবিত হয়ে পড়ে। বিশেষ করে মাচালং ও বাঘাইহাট বাজার এলাকায় সড়ক সম্পূর্ণ ডুবে যাওয়ায় পর্যটকদের যাতায়াত বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৫৬১ জন পর্যটক সাজেকে আটকা পড়েন। উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনী নৌকা ও বাঁশের ভেলা ব্যবহার করে প্লাবিত এলাকা পারাপারের ব্যবস্থা করে। প্রথম দফায় জরুরি কাজ আছে এমন পর্যটকদের অগ্রাধিকার দেওয়া হয়। এতে ১০টি শিশু, ১০০ জন পুরুষ ও ৪০ জন নারী ছিলেন।
সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সচিব সুরেশ ত্রিপুরা জানান, আজ সকাল ৯টার মধ্যে সব পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন। বর্তমানে সাজেক এলাকায় কোনো পর্যটক অবশিষ্ট নেই। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, গতকাল প্রথম দফায় কিছু পর্যটক চলে যাওয়ার পর আজ সকালে বাকি পর্যটকেরাও নিরাপদে সাজেক ত্যাগ করেছেন।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাঙামাটি ও সংলগ্ন এলাকায় পাহাড়ধস ও বন্যা দেখা দিয়েছে। সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী ও প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।




