একটি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোর একটি হলো কর্মী ছাঁটাই। এই প্রক্রিয়ায় সংস্থার অভ্যন্তরীণ সংস্কৃতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, ছাঁটাইয়ের পরও একটি সুস্থ কর্পোরেট পরিবেশ বজায় রাখতে তিনটি বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন।

প্রথমত, সত্য বলা। কর্মীদের কাছে পরিস্থিতি নিয়ে স্বচ্ছ ও সৎ থাকা অপরিহার্য। কোনো গোপন তথ্য না রেখে কী কারণে ছাঁটাই হচ্ছে এবং এর প্রভাব কী হবে, তা খোলাখুলি জানানো উচিত। অস্পষ্টতা বা গুজব সংস্কৃতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দ্বিতীয়ত, সিদ্ধান্ত হতে হবে পরিষ্কার ও ন্যায়সংগত। কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে। পক্ষপাতিত্ব বা অস্পষ্টতা অবিশ্বাস তৈরি করে এবং বাকি কর্মীদের মনোবল ভেঙে দেয়। তৃতীয়ত, ছাঁটাইয়ের পর নেতাদের উপস্থিতি ও সম্পৃক্ততা বজায় রাখা। যাঁরা প্রতিষ্ঠানে থেকে যান, তাঁদের পাশে দাঁড়ানো, তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং ভবিষ্যতের পথচলা সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া জরুরি। নেতারা যদি দূরে সরে যান, তবে বাকি কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও হতাশা বাড়ে। এই তিনটি বিষয় মেনে চললে কর্মী ছাঁটাইয়ের কঠিন সময়েও প্রতিষ্ঠানের সংস্কৃতি রক্ষা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।