বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ব্যক্তিগত জীবনের এক আবেগঘন অধ্যায় নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে সম্প্রতি কেনা একটি সম্পত্তি। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের অভিজাত এলাকায় অবস্থিত সেই বাড়ি, যেখানে গৌরী খানের সঙ্গে বিয়ের পর প্রথমবারের মতো সংসার শুরু করেছিলেন তিনি—সেই ভবনের বাকি অংশও নিজের করে নিয়েছেন শাহরুখ। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩৭ কোটি রুপি খরচ করে দ্বিতীয় ও তৃতীয় তলার মালিকানা অর্জন করেছেন এই অভিনেতা। এর আগে তিনি ওই ভবনের বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন। ফলে এখন পুরো ভবনের একচ্ছত্র অধিকার তাঁর হাতে।
প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই বাড়িটি দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় পড়েছে। জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে এই সম্পত্তির গুরুত্ব শুধু আর্থিক নয়—শাহরুখ ও গৌরীর ব্যক্তিগত জীবনের সঙ্গেও এটি গভীরভাবে জড়িত। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তাদের দাম্পত্য জীবনের সূচনা হয়েছিল। তখন শাহরুখ মুম্বাইয়ে স্থায়ীভাবে যাননি, বলিউডেও প্রতিষ্ঠিত হয়ে ওঠেননি। পরবর্তী সময়ে মুম্বাইয়ে গিয়ে অভিনয়জীবনে উত্থান শুরু হলেও দিল্লির এই বাড়ি তাঁদের শুরুর দিনগুলোর নীরব সাক্ষী হয়ে রয়েছে।
গৌরী খানের কাছেও এই বাড়ি বিশেষ আবেগের জায়গা। তিনি আগের সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার পাশাপাশি বহু স্মৃতি ধরে রাখার জন্যই বাড়িটিকে বিশেষভাবে সাজিয়েছেন তিনি। বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে ‘নস্টালজিয়া ওয়াল’—যেখানে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খানের শৈশবের নানা স্মারক, শাহরুখের আঁকা ছবি, পোস্টকার্ড, পুরোনো সংগ্রহ এবং পরিবারের প্রিয় উপহার সংরক্ষিত রয়েছে। এই দেয়ালটি যেন তাদের পারিবারিক ইতিহাসের এক জীবন্ত সংকলন।
শাহরুখ ও গৌরীর সম্পর্কের শুরুর এই ঠিকানাটি এখন শুধু সম্পত্তি নয়—একটি স্মৃতির ভাণ্ডারও বটে। সম্প্রতি পুরো ভবন কেনার মাধ্যমে সেই স্মৃতিগুলোকে আরও বেশি নিজের করে নিলেন বলিউডের বাদশাহ।




