ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রাজধানীর মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অভিযান চলে। যাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তার প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়েছে। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়। তারা হলেন মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম।
অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি একাধিক সংস্থা অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক। ঢাকা উত্তর সিটি করপোরেশন অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার মেট্রোরেলের চারটি স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালিয়েছিল ডিএমটিসিএল। উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশনে ওই অভিযান পরিচালিত হয়।




