সম্প্রতি এক গবেষণায় অরকা বা কিলার হোয়েল নামে পরিচিত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটির একটি অভিনব শিকার পদ্ধতি সামনে এসেছে। মেক্সিকোর প্রশান্ত মহাসাগর ও ক্যালিফোর্নিয়া উপসাগরে ডুবুরিদের ক্যামেরায় ধরা পড়েছে অরকাদের দলবদ্ধ আক্রমণের দৃশ্য, যেখানে তারা বিশাল এক সানফিশকে মুহূর্তেই অসংখ্য টুকরোয় ভেঙে ফেলে। বৃহস্পতিবার বৈজ্ঞানিক সাময়িকী ফ্রন্টিয়ার্স ইন ইথোলজিতে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ভিডিওতে দেখা যায়, প্রথমে একটি অরকা তার শক্তিশালী চোয়াল দিয়ে সানফিশের লেজ আঁকড়ে ধরে রাখে। ঠিক সেই সময় আরেকটি অরকা দ্রুতগতিতে এসে মাছটিকে সজোরে আঘাত করে। আঘাতের পরপরই প্রথম অরকাটি মাছটি ছেড়ে দেয় এবং দ্বিতীয় অরকাটির ধাক্কায় মাছটি বিস্ফোরিত হয়ে ছোট ছোট টুকরোয় পরিণত হয়। পরে দলের ছোট ও কিশোর অরকারা সেই টুকরোগুলো খেয়ে নেয় এবং বড়রা বাকি অংশ ভাগ করে নেয়।

এই আচরণ প্রথম লক্ষ করেন সামুদ্রিক সংরক্ষণ বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান বিনেথ দ্য ওয়েভসের গবেষক ক্যাথরিন এয়ারস। তিনি ২০২৪ সালের ২৯ জুলাই বাজা ক্যালিফোর্নিয়া সুরের উপকূলে ডাইভিং করার সময় ঘটনাটি দেখেন। সিএনএনকে দেওয়া এক ইমেলে তিনি বলেন, 'প্রথম যখন দেখি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আগে অরকাদের দলবদ্ধ শিকার দেখেছি, কিন্তু এভাবে এক ধাক্কায় বিশাল মাছ টুকরো হওয়া অভূতপূর্ব।' এর কয়েক মাস পর ২০২৪ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া উপসাগরে আরেকটি ট্যুর দলের ক্যামেরায় একই ধরনের ঘটনা ধরা পড়ে।

শার্পটেইল সানফিশ বিশ্বের সবচেয়ে ভারী মাছগুলোর একটি, যার ওজন প্রায় ১,৮০০ কেজি ও দৈর্ঘ্য ৩ মিটার পর্যন্ত হতে পারে। অরকা বিহেভিয়ার ইনস্টিটিউটের পরিচালক মনিকা উইল্যান্ড শিল্ডস বলেছেন, 'এটি অরকাদের সম্পূর্ণ নতুন একটি আচরণ, যা আগে কখনো নথিভুক্ত হয়নি।' তিনি আরও বলেন, অরকাদের শিকারের কৌশল তাদের আবাসস্থলের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।

গবেষকদের ধারণা, এই আক্রমণের উদ্দেশ্য হতে পারে খাবার সহজে ভাগ করে নেওয়া, বিশেষ করে ছানাদের জন্য। অথবা এটি নিছক খেলার অংশও হতে পারে, কারণ অরকারা বিভিন্ন বস্তু নিয়ে খেলতে পছন্দ করে। শিল্ডস উল্লেখ করেন, অরকাদের মৃত স্যামন মাথায় টুপির মতো পরে ঘুরতে বা সিলের নাড়িভুঁড়ি নিয়ে খেলতে দেখা গেছে। এয়ারস আরও লক্ষ করেন, আক্রমণের আগেই সানফিশটির শরীরে বড় ক্ষত ছিল, যা ইঙ্গিত দেয় যে অরকারা সম্ভবত আগেই এর পুষ্টিকর ভেতরের অংশ খেয়ে ফেলেছিল। তাই পরবর্তী ধাক্কা শুধুমাত্র বিনোদনের জন্যও হতে পারে।

তবে গবেষকেরা সতর্ক করে বলেন, এটি এখনো প্রাথমিক ধারণা। সানফিশের চ্যাপটা শরীরের গঠন এই ধাক্কায় ভেঙে যাওয়ার পক্ষে সহায়ক হতে পারে, কিন্তু নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও পর্যবেক্ষণ ও গবেষণা প্রয়োজন। অরকাদের এই অভিনব কৌশল ভবিষ্যতে আরও অনেক অজানা আচরণের সন্ধান দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।