দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন এ সংক্রান্ত নোটিশ জারি করেছেন বলে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতকাল সোমবার সকালের পরীক্ষায় পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ও অসংগতি ধরা পড়ে। এ ঘটনায় পরীক্ষার্থীরা চরম মানসিক চাপের মুখে পড়েন বলে সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জানিয়েছেন, ওই দুটি প্রশ্নে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। তবে প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ অস্বীকার করেননি তিনি।

কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত শিক্ষকরা হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান ও সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন। তাঁরা সবাই সিলেট শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশ্নপত্রে এমন ত্রুটি বা অসংগতি থাকা চরম দায়িত্বহীনতা ও পেশাগত কর্তব্যে অবহেলার শামিল, যা সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। কেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। ভুল প্রশ্নের ঘটনায় পরীক্ষা পুনরায় নেওয়া ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।