রাজধানীর উত্তরায় গতকাল রোববার শিশুদের মহাকাশ সংক্রান্ত চিন্তা ও কল্পনাকে উৎসাহিত করতে ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পেস ইনোভেশন ক্যাম্প এই অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করে এবং নিজেদের মহাকাশবিষয়ক বিভিন্ন ধারণা ও গবেষণা উপস্থাপন করে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের উপস্থাপনা। প্রতিটি শিশু প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে নিজের পছন্দের মহাকাশ বিষয়ক তথ্য উপস্থাপন করে। অনেক শিশু নিজেদের কল্পনা ও গবেষণার ভিত্তিতে ভবিষ্যতের মহাকাশযান, চন্দ্র ও মঙ্গল অভিযানের পরিকল্পনা এবং পৃথিবীর বাইরে প্রাণের সন্ধানের মতো জটিল বিষয়গুলোও তুলে ধরে। তাদের উপস্থাপনায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ প্রতিফলিত হয়।

শিশুদের উপস্থাপনা শেষে আয়োজন করা হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে শিশুরা মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করে এবং বিশেষজ্ঞদের কাছ থেকে উত্তর পেয়ে তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করার সুযোগ পায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিশুদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষার প্রতি আগ্রহ ও কৌতূহল বৃদ্ধি করা।

স্পেস ইনোভেশন ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ শুধুমাত্র একটি উপস্থাপনা অনুষ্ঠান নয়; বরং এটি শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাকে বিকশিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা নিজেদের ধারণা প্রকাশ করার সাহস পেয়েছে এবং ভবিষ্যতে বিজ্ঞানচর্চায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত হয়েছে।

রাইজ আপ ল্যাবসের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্পেস ইনোভেশন ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিশুদের জন্য বিজ্ঞান ও মহাকাশ শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে এবং নতুন প্রজন্মকে মহাকাশ গবেষণায় উৎসাহিত করা হবে।