ভারী বর্ষণের কারণে বান্দরবানে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সর্বসাধারণের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর আগে শুক্রবার পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ ছিল। সাম্প্রতিক টানা ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

৯ জুলাই জারি করা পূর্ববর্তী জরুরি গণবিজ্ঞপ্তির সময়সীমা আরও বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। পর্যটকদের পাশাপাশি জেলার সাধারণ বাসিন্দাদেরও এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশনা জারি করবে।