আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সম্প্রতি নিজ শহর মার দেল প্লাতায় ছুটি কাটাতে গিয়ে এক বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হন। সিয়েরা দে লস পাদ্রেস এলাকায় তাঁর পিকআপ ট্রাকটি কাদায় আটকে যায়। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন এক তরুণ ভক্ত লিওনার্দো আলবারাসিন। তিনি মার্তিনেজকে চিনতে পেরে নিজের গাড়ি দিয়ে ট্রাকটি টেনে কাদা থেকে বের করে আনেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে আলবারাসিন স্থানীয় সংবাদমাধ্যম লা ক্যাপিটালকে জানান, সেদিন প্রচুর বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তিনি মোটরসাইকেল নিয়ে বের হন এবং দূরে দুটি পিকআপ দেখতে পান। কাছে গিয়ে প্রায় দুই মিটার লম্বা এক ব্যক্তিকে দেখে তাঁর ছেলে বলে ওঠে, ‘বাবা, উনি তো দিবু!’ প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে সত্যিই মার্তিনেজ সেখানে আছেন।

আলবারাসিন আরও বলেন, তাঁরা পাঁচ-ছয় মিটার দূরে মোটরসাইকেল থামিয়ে হেলমেট খুলে চিৎকার করে বলেন, ‘দিবু! চ্যাম্পিয়ন!’ তখন মার্তিনেজ দুই হাত পকেটে রেখে দাঁড়িয়েছিলেন এবং ডাক শুনে তাঁর চেনা হাসি ফুটে ওঠে। জানা যায়, কাদায় আটকে পড়া এক বন্ধুর গাড়ি টেনে বের করতে গিয়েছিলেন মার্তিনেজ। কিন্তু বন্ধুকে উদ্ধার করতে গিয়ে তাঁর নিজের পিকআপটিও কাদায় আটকে যায়।

ভক্তটি বলেন, তাঁরা কোনোভাবেই মার্তিনেজকে বিরক্ত করতে চাননি, শুধু জানতে চেয়েছিলেন কী হয়েছে। মার্তিনেজ সব খুলে বলার পর জিজ্ঞাসা করেন, তাঁদের কাছে কোনো ছুরি আছে কি না। আলবারাসিনের কাছে একটি ছুরি ছিল এবং তিনি সঙ্গে সঙ্গেই কাদায় নেমে দড়ির গিঁট খুলতে চেষ্টা করেন। মার্তিনেজের আচরণের প্রশংসা করে আলবারাসিন বলেন, তিনি তাঁর মানবিক দিকটাই তুলে ধরতে চান। ফুটবল বা বিশ্বকাপ নিয়ে কোনো কথাই হয়নি, বরং মনে হচ্ছিল অনেক দিনের পরিচিত বন্ধুর সঙ্গে গল্প করছেন।

একপর্যায়ে মার্তিনেজ জানতে চান, তাঁরা সেখানে কী করছেন। তখন কাদার মধ্যে থেকে মাথা তুলে আলবারাসিন বলেন, তাঁরা শুধু তাঁকে দেখতে পারবেন কি না, সেই আশায় বেরিয়েছিলেন। শেষে ট্রাকে ওঠার আগে মার্তিনেজ বারবার ধন্যবাদ জানান এবং বলেন, তাঁরা তাঁকে বাঁচিয়েছেন। আলবারাসিন আবেগাপ্লুত হয়ে বলেন, যিনি পুরো আর্জেন্টিনাকে আনন্দ দিয়েছেন, তিনিই তাদের ধন্যবাদ দিচ্ছেন।

মার্তিনেজ যখন তাঁকে জড়িয়ে ধরেন, তখন তাঁর মাথা গিয়ে ঠেকে মার্তিনেজের বুকে। সাহস করে আলবারাসিন বলেন, কাতার বিশ্বকাপের পর থেকে তাঁর বাড়িতে মার্তিনেজকে নিয়ে একটি ছোট্ট স্মৃতির জায়গা বানানো আছে। পরে মার্তিনেজ তাঁর সঙ্গে আনা পোস্টার ও জার্সিতে অটোগ্রাফ দেন। চলে যাওয়ার সময় হঠাৎ থেমে জাতীয় দলের অফিশিয়াল জ্যাকেটটি খুলে আলবারাসিনকে উপহার দেন। এতে আবেগে ভেঙে পড়ে কেঁদে ফেলেন ভক্ত।