বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী চিত্রশিল্পী ফ্রিদা কাহলো এখন শুধু শিল্পী নন, একটি বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয়েছেন। তাঁর নাম ও প্রতিকৃতি বিভিন্ন পণ্যে ব্যবহৃত হচ্ছে, যা তাঁর প্রকৃত শিল্প ও রাজনৈতিক পরিচয়কে পেছনে ফেলে দিচ্ছে। সম্প্রতি লন্ডনের টেট মডার্ন ঘোষণা দিয়েছে, ২০২৬-২৭ সালে তারা 'ফ্রিদা: দ্য মেকিং অব অ্যান আইকন' শীর্ষক একটি প্রদর্শনী আয়োজন করবে, যা শিল্পীর ইমেজ নির্মাণ নিয়ে আলোকপাত করবে।
দীর্ঘদিন ফ্রিদা কাহলো পরিচিত ছিলেন তাঁর স্বামী দিয়েগো রিভেরার স্ত্রী হিসেবে। এখন সেই চিত্র বদলে গেছে; রিভেরা পরিচিত হন ফ্রিদা কাহলোর স্বামী হিসেবে। খ্যাতির এই স্থানান্তর নিছক শিল্পকলার বিষয় নয়, বরং ক্ষমতার সম্পর্ককেও নির্দেশ করে। রিভেরার ম্যুরালগুলো প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় সম্পত্তি, অন্যদিকে ফ্রিদার চিত্রকলা ফ্যাশন লেবেল ও পর্যটন পণ্যে স্থান পেয়েছে। ফলে তিনি যেমন স্বাধীন, তেমনই বাণিজ্যের শিকারে পরিণত হয়েছেন।
রিভেরার সাথে ফ্রিদার সম্পর্ক ছিল জটিল। তিনি ফ্রিদার ছোট বোন ক্রিস্টিনার সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে ফ্রিদা গভীরভাবে আঘাত পান। 'মেমোরি, দ্য হার্ট'-এর মতো চিত্রকর্মে সেই যন্ত্রণা তিনি ফুটিয়ে তোলেন। রিভেরা নিজেও স্বীকার করেছিলেন, তিনি যাকে বেশি ভালোবাসেন, তাকে আঘাত করার ইচ্ছা তার বেশি থাকে। ফ্রিদার রাজনৈতিক জীবন ছিল উগ্র। কিশোর বয়সে তিনি মেক্সিকান কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কমিউনিজমের প্রতি অটল থাকেন। তাঁর কফিনে কাস্তে-হাতুড়ি আঁকা পতাকা জড়ানো হয়েছিল।
শারীরিক যন্ত্রণা ফ্রিদার শিল্পের প্রধান উপাদান। ছয় বছর বয়সে পোলিও এবং ১৮ বছর বয়সে ভয়াবহ বাস দুর্ঘটনা তাঁকে সারাজীবনের জন্য শারীরিক কষ্টে ফেলে দেয়। 'দ্য ব্রোকেন কলাম' ও 'হেনরি ফোর্ড হসপিটাল'-এর মতো চিত্রকর্মে তিনি গর্ভপাত ও শারীরিক ভাঙনের বেদনা অত্যন্ত প্রকাশ্যভাবে চিত্রিত করেন। নারী-পুরুষ উভয়ের সাথে তাঁর সম্পর্ক ছিল এবং তাঁর যৌনতাও ছিল রাজনৈতিক। 'সেলফ-পোর্ট্রেট উইথ ক্রপড হেয়ার'-এ তিনি নিজেকে খাটো চুল ও পুরুষের স্যুটে দেখিয়েছেন।
বর্তমানে ফ্রিদার ছবি কনভার্স জুতা, জারা পোশাক, ব্যাগ ও মগে স্থান পেয়েছে। ম্যাটেলের 'ইনস্পায়ারিং উইমেন' সিরিজের বার্বি ডল তৈরি করা হয়েছিল, তবে ফ্রিদার উত্তরসূরিদের অভিযোগে ডলটির চেহারা পাল্টে দেওয়া হয় এবং এটি মেক্সিকোতে নিষিদ্ধ হয়। ফ্রিদা কাহলো করপোরেশন তাঁর নামস্বত্ব দাবি করে আসছে, যা দিয়েগো রিভেরার প্রতিষ্ঠিত ট্রাস্টের সাথে সংঘাতে জড়িয়েছে। সবচেয়ে বিতর্কিত উদাহরণ ফ্রিদা কাহলো টাকিলা, যা একজন কমিউনিস্ট ও মদ্যপানে ক্লিষ্ট শিল্পীর নামে অ্যালকোহল বিক্রির প্রতীক।
হিউস্টনের মিউজিয়াম অব ফাইন আর্টস 'ফ্রিদাম্যানিয়া' নামে একটি প্রদর্শনী আয়োজন করেছিল, যেখানে শিল্পীর মুখ কীভাবে চাবির রিং ও ম্যাগনেটে রূপান্তরিত হয়েছে তা দেখানো হয়। টেট মডার্নের প্রদর্শনীটি ইঙ্গিত দেয়, ফ্রিদার উত্তরাধিকার এখন পরিবার, করপোরেশন ও রাষ্ট্রের মধ্যে বিভক্ত। সেপ্টেম্বর ২০২৫ সালে মেক্সিকো সিটিতে খোলা কাসা রোহা জাদুঘর ফ্রিদার পরিবারের বংশধরদের দ্বারা পরিচালিত, যা এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও স্পষ্ট করে। ফ্রিদার বাণিজ্যিকীকরণ মেক্সিকোর ভেতরে ও বাইরে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করছে। বিদেশি পর্যটকদের কাছে তাঁর প্রতিকৃতি একটি সহজপাচ্য 'মেক্সিকান-নেস'-এর প্রতীক হলেও মেক্সিকোর অধিবাসীদের কাছে এটি একটি জটিল জাতীয় পরিচয়ের বিষয়।
বিশ্বায়নের এই যুগে ফ্রিদা কাহলো একাধারে একজন শক্তিশালী শিল্পী ও একটি বিক্রয়যোগ্য পণ্য। প্রশ্ন হলো, আমরা কী উপভোগ করছি — শিল্প নাকি শিল্পীর যন্ত্রণার বাজারজাতকৃত সংস্করণ।




