বিশ্বকাপের মাতমে মেতে উঠেছে পুরো বিশ্ব। সেই উন্মাদনায় বাংলা বিনোদনেও এসেছে নতুন সংযোজন। আজ থেকে পর্দায় আসছে প্রথম আলো ডটকমের আয়োজিত রম্য-তর্কমূলক অনুষ্ঠান ‘টুইং GOAL–মাল’। মোট ১০টি পর্বে সাজানো এই আয়োজনে সঞ্চালকের ভূমিকায় থাকবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি।

প্রতি পর্বে ফুটবলকেন্দ্রিক নানা মজার ও ব্যতিক্রমী বিষয়ে নিজেদের মতামত ও যুক্তি উপস্থাপন করবেন দুই জনপ্রিয় তারকা অতিথি। তাঁরা পছন্দের দল, প্রিয় খেলোয়াড় ও বিশ্বকাপের নানা ঘটনা নিয়ে তর্কে মেতে উঠবেন। অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেছেন অভিনয়শিল্পী খায়রুল বাসার, প্রার্থনা ফারদিন দিঘী, শরাফ আহমেদ জীবন, রাশেদ মামুন অপু, দিলরুবা দোয়েল, মুকিত জাকারিয়া, তানহা তাসনিয়া ও উপস্থাপক নীল হুরেজাহানের মতো জনপ্রিয় মুখরা।

আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—ম্যাচ জিততে চাপা জোরের চেয়ে পায়ের জোরই বেশি লাগে; তারকা খেলোয়াড় ছাড়া দল আলু ছাড়া কাচ্চির মতো; গোলকিপারের কারণেই দল জেতে; দল যাঁর যাঁর, মেসি–রোনালদো সবার; ফ্যানদের ভালোবাসা শুধুই দল জেতার ওপর নির্ভরশীল; যে দলের ট্রফির সংখ্যা বেশি, সে দলই সেরা; প্রতি বিশ্বকাপেই একজন করে ‘সর্বকালের সেরা’ হয়; আমরা সবাই ফুটবলের ‘হাইলাইটস ফ্যান’; হারে দল, দোষ হয় রেফারির এবং সম্পর্ক সুখের হয় বিশ্বকাপের পরে—এমন নানা আকর্ষণীয় বিষয়।

প্রতিটি পর্ব শেষে দর্শকদের জন্য রয়েছে কুইজের ব্যবস্থা। সংশ্লিষ্ট ভিডিওর কমেন্ট বক্সে উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে প্রতি পর্বে একজন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া একজন মেগা বিজয়ীর জন্য রাখা হয়েছে একটি স্মার্টফোন।

অনুষ্ঠানটি দেখা যাবে প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রথম পর্ব। ফুটবলপ্রেমী দর্শকদের জন্য এটি হতে পারে বিশ্বকাপের মজা দ্বিগুণ করার একটি নতুন মাধ্যম।