ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ফ্যাশনশিল্পে এক যুগান্তকারী পরিবর্তনের পথে হেঁটে অবিক্রীত পোশাক ও পাদুকা ধ্বংসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি আইনি বিধান নয়, বরং এটি সমগ্র শিল্পের ব্যবসায়িক দর্শন ও বৈশ্বিক সরবরাহ কৌশলকে নতুন করে সাজাতে বাধ্য করবে। একইসঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের জন্যও এটি এক নতুন বাস্তবতার জন্ম দিতে যাচ্ছে।
ইউরোপীয় কমিশনের 'ইকোডিজাইন ফর সাসটেইনেবল প্রোডাক্টস রেগুলেশন' (ইএসপিআর) এর আওতাধীন এই আইনের মূল উদ্দেশ্য পণ্যের জীবনচক্র বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় বর্জ্যের পরিমাণ হ্রাস করা। ২০২৬ সাল থেকে কার্যকর হতে শুরু করা এই বিধান মতে, বড় কোম্পানিগুলো এখন থেকে অবিক্রীত ফ্যাশন পণ্য নিয়মিত ব্যবসায়িক কার্যধারার অংশ হিসেবে ধ্বংস করতে পারবে না।
দীর্ঘকাল ধরে অতিরিক্ত উৎপাদন ছিল ফ্যাশন ইন্ড্রাস্ট্রির একটি মৌলিক কৌশল। ভবিষ্যদ্বাণী করা কঠিন চাহিদার সাথে তাল মিলাতে ব্র্যান্ডগুলো পরিকল্পিতভাবে চাহিদার তুলনায় অধিক পণ্য বানিয়ে থাকে। এই অতিরিক্ত পণ্যের একটি বড় অংশ গুদামে মজুদ থাকার পর কোনো না কোনো সময়ে ব্র্যান্ডের মর্যাদা রক্ষা ও মজুদ শূন্য করার অজুহাতে ধ্বংস করে ফেলা হতো। ইউরোপীয় নীতিনির্ধারকদের ভাষায়, যখন ফ্যাশন শিল্পকে বিশ্বের অন্যতম প্রধান দূষণকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তখন এই ধরনের অপচয় আর গ্রহণযোগ্য নয়।
এই অপচয়ের অর্থনৈতিক মাত্রাও বিশাল। একটি পোশাক পোড়ানোর অর্থ হলো, শুধু কাপড়ই নয়, বরং তার উৎপাদনের সঙ্গে জড়িত বিপুল পরিমাণ পানি, তুলা, জ্বালানি, রাসায়নিক, শ্রম এবং পরিবহন খরচও সম্পূর্ণরূপে ধ্বংস করা। আইন প্রণেতাদের যুক্তি, পণ্যের প্রকৃত মূল্য কেবল তার বিক্রয়মূল্যে নিহিত নয়, বরং তার পূর্ণ জীবনচক্রের মধ্যে নিহিত রয়েছে।
নতুন পরিস্থিতিতে ব্র্যান্ডগুলোর জন্য কৌশলগত পুনর্বিবেচনা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। পরিকল্পিত উৎপাদন, মজুতের সঠিক ব্যবস্থাপনা এবং অবিক্রীত পণ্যের বিকল্প ব্যবহারই এখন মূল সমাধান। পণ্য ধ্বংস করার পরিবর্তে পুনর্বিক্রয়, মেরামত, পুনর্ব্যবহার, আপসাইক্লিং বা পুনঃপ্রক্রিয়াজাতকরণের মতো পদ্ধতিগুলোই এখন গ্রহণ করতে হবে। অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড আগে থেকেই এই পথে হাঁটা শুরু করেছে। প্যাটাগোনিয়ার 'Worn Wear' প্রকল্পের মাধ্যমে পুরনো পোশাক মেরামত ও পুনর্বিক্রি করার চলতি উদ্যোগ রয়েছে। একইভাবে জারা ও এইচঅ্যান্ডএম বিভিন্ন বাজারে প্রি-ওনড বা প্রি-লাভড পোশাকের বাণিজ্য শুরু করেছে।
এই রূপান্তরকে বিশেষজ্ঞরা 'সার্কুলার ফ্যাশন' নামে অভিহিত করছেন, যেখানে একটি পোশাকের জীবন প্রথম ব্যবহারের পরেই শেষ হয়ে যায় না। এটিকে ক্রমাগত ব্যবহারযোগ্য রাখার জন্য মেরামত, পুনর্বিক্রি ও পুনর্ব্যবহারের একটি চক্র গড়ে তোলা হয়। ইউরোপ জুড়ে ইতোমধ্যে রিসেল প্ল্যাটফর্ম, পোশাক ভাড়ার সেবা এবং আপসাইক্লিংভিত্তিক ব্র্যান্ডগুলির দ্রুত জনপ্রিয়তা এই পরিবর্তনেরই প্রমাণ।
ইউরোপ বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার হওয়ায়, এই নীতি পরিবর্তনের প্রভাব সরাসরি দেশের কারখানাগুলোতে পৌঁছবে। আন্তর্জাতিক ক্রেতারা এখন থেকে সরবরাহকারীদের কাছে কেবল মূল্য বা উৎপাদন সক্ষমতা নয়, বরং টেকসইতা সম্পর্কিত নানা মানদণ্ডের জবাবদিহিতাও চাইবে। ভবিষ্যতের চুক্তিতে স্থান পেতে পারে অতিরিক্ত উৎপাদনের পরিমাণ, অবিক্রীত পণ্যের ভাগ্য, পুনর্ব্যবহৃত উপাদানের ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ার খুঁজে পাওয়ার যোগ্যতা (ট্রেসেবিলিটি) এবং কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগের মতো বিষয়গুলো। এর ফলে, প্রতিযোগিতার নতুন ভাষা হয়ে উঠবে পরিবেশগত টেকসইতা।
শেষ পর্যন্ত, ইউরোপের এই পদক্ষেপ শিল্পকে 'তৈরি-ব্যবহার-ফেলা' এই রৈখিক অর্থনৈতিক ধারণা থেকে সরিয়ে একটি চক্রাকার অর্থনৈতিক মডেলের দিকে নিয়ে যাচ্ছে। ফ্যাশনের ভবিষ্যৎ এখন নতুন পোশাক বানানোর প্রতিযোগিতায় নয়, বরং একটি পোশাককে সর্বাধিক সময় ধরে জীবিত ও ব্যবহারযোগ্য রাখার সামর্থ্যের উপর নির্ধারিত হবে।




