রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় সোমবার সন্ধ্যার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবকের হামলায় রিফাত মৃধা (১৮) নামের এক তরুণ প্রাণ হারিয়েছেন। তিনি ওই এলাকায় একটি কার্টন তৈরির কারখানায় কর্মরত ছিলেন। মা-বাবার সঙ্গে খানবাড়ির মোড়ে ভাড়া বাসায় থাকতেন রিফাত। তিন ভাই ও তিন বোনের মধ্যে পঞ্চম সন্তান ছিলেন তিনি, তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চানপুরায়।
সোমবার সন্ধ্যায় ঘটনার সময় রিফাত বাসার সামনে রাস্তায় বসে ছিলেন। এ সময় প্রতিবেশী শাকিল তাঁকে লক্ষ্য করে প্রশ্ন করে, এখানে বসে কী করছ, গাঁজা খাবে নাকি? উত্তরে রিফাত জানান, তিনি গাঁজা খান না। এতেই শাকিল ক্ষুব্ধ হয়ে প্রথমে গালাগালি ও মারধর শুরু করে। প্রথম দফায় সে চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে এসে রিফাতের ওপর চড়াও হয়। এবার সে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে রিফাত অচেতন হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী।
রিফাতের বাবা হাসেম মৃধা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রথমবারের মতো ঝামেলা মিটে গেলেও শাকিল দ্বিতীয়বার এসে আমার ছেলেকে নির্মমভাবে মারধর করে। পরে তিনি ও তাঁর আরেক ছেলে রিয়াজ দ্রুত রিফাতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে রিফাতকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হামলার পর অভিযুক্ত শাকিল তার পরিবারের সদস্যদের নিয়ে নিজেদের বাসায় তালা ঝুলিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রিফাতের মৃত্যুর খবর যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।




