লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখা নিয়ে দম্পতির মধ্যে বিবাদ থেকে স্ত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা ও পেশায় অটোরিকশাচালক জহির হোসেন (৩০) নিজ স্ত্রী মরিয়ম বেগমকে (২০) এলোপাতাড়ি প্রহার করেছেন বলে অভিযোগ উঠেছে।

মারধরের শিকার গৃহবধূ সোমবার রাতে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী জহির হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছে। প্রায় দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, স্বামীর প্রহারের শিকার হয়ে স্ত্রী মরিয়ম বেগম কান্নায় ভেঙে পড়েন, আর জহির তাকে খেলা দেখতে না দেওয়ার কারণ জিজ্ঞাসা করতে থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়ম বেগমের আদি বাড়ি চট্টগ্রামে। প্রায় দুই বছর আগে জহির হোসেন তাকে বিয়ে করে নিজ এলাকায় নিয়ে আসেন। তাদের পাঁচ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। ঘটনার রাতে ওই নারী সন্তান নিয়ে ঘরে একা ছিলেন। তিনি স্বামীকে বাইরে গিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ক্ষিপ্ত হয়ে জহির একটি লাঠি দিয়ে স্ত্রীকে নির্বিচারে প্রহার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, জহির হোসেন মাদকাসক্ত এবং মাদক সেবনের পর প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। এর আগেও পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রীকে মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। মারধরের ঘটনায় মরিয়ম বেগমের হাতে গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ভুক্তভোগীর মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ চলমান রয়েছে।