যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেলভিউ এলাকায় এক ভারতীয় সফটওয়্যার প্রকৌশলীকে তাঁর স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তের নাম অবিনাশ নার্নে (৩০), তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ জানায়, গত বছরের অক্টোবরে স্ত্রী রাজিথা সাব্বিনেনিকে (২৭) শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাটি ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেন নার্নে। প্রায় নয় মাস তদন্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা গেছে, নার্নের সঙ্গে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসকারী এক নারীর গোপন প্রণয়ের সম্পর্ক ছিল। ২০২৫ সালের জুন মাসে রাজিথার সঙ্গে পরিবারিকভাবে তাঁর বিয়ে হলেও ওই সম্পর্ক অব্যাহত ছিল। এমনকি বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তাঁর সেই প্রেমিকা। ঘটনার দিন ২৭ অক্টোবর নার্নে ওই প্রেমিকাকে অন্তত চারবার ফোন করেন। সেই সময় তিনি তাঁকে জানান, বাথরুমের দরজা ভাঙার চেষ্টা করছেন। পরে স্ত্রীর নিথর দেহের একটি ছবিও তিনি প্রেমিকাকে পাঠান।
ঘটনার দিন নার্নে পুলিশকে জানিয়েছিলেন, কেনাকাটার জন্য ৪০ মিনিট বাইরে ছিলেন। ফিরে এসে দেখেন সাব্বিনেনি বাথরুমে তালাবদ্ধ। পুলিশ দরজা ভেঙে ভেতরে মেঝেতে পড়ে থাকা অবস্থায় সাব্বিনেনির মৃতদেহ দেখতে পায়। কিন্তু তদন্তকারীরা জানিয়েছেন, নার্নে বাইরে থাকাকালীন ওই সময়ে বাসায় অন্য কারো প্রবেশের কোনো প্রমাণ মেলেনি।
মৃতদেহের ময়নাতদন্তে কিং কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিস জানায়, শ্বাসরোধের কারণে অক্সিজেন স্বল্পতায় সাব্বিনেনির মৃত্যু হয়েছে। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে তারা। আরও তদন্তে সাব্বিনেনির ফোন থেকে নার্নেকে পাঠানো কিছু খুদে বার্তা উদ্ধার করা হয়। সেখানে তিনি বারবার অভিযোগ করেছিলেন যে নার্নে তাঁকে যে পানীয় তৈরি করে দেন তার স্বাদ খুব তিক্ত। মৃত্যুর দিনও তিনি একটি স্মুদির স্বাদকে কাশির সিরাপ ও ওষুধের সঙ্গে তুলনা করে বার্তা পাঠান।
গত ৫ জুলাই নার্নের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অর্থাৎ পরিকল্পিত হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বর্তমানে তাঁকে ৫০ লাখ ডলারের জামিন অযোগ্য ধারায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।




