ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটিয়ে ইতিহাস গড়া জয় পেয়েছে নরওয়ে। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার পথে জোড়া গোল করে দলকে এগিয়ে নেন আর্লিং হলান্ড। এই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন সাত, যা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমান। তবে শুধু গোলেই নয়, ব্যক্তিত্ব, ফ্যাশন আর মাঠের উপস্থিতি দিয়েও সমানভাবে আলোচিত এই স্ট্রাইকার। বিশেষ করে তার লম্বা সোনালি চুল ও সেটি বাঁধার হেয়ার টাই নিয়েই নতুন করে চর্চা শুরু হয়েছে।
জনপ্রিয় হেয়ার টাই ব্র্যান্ড কেকেএনইকেকেআই সম্প্রতি বাজারে এনেছে আর্লিং হলান্ডের নামে সীমিত সংস্করণের একটি সংগ্রহ। ‘হলান্ড এডিশন’ নামের এই সেটে ছিল আটটি হেয়ার টাই, যার প্রতিটি রং নিজেই বেছে নিয়েছেন হলান্ড। তাঁর ভাষ্যমতে, রংগুলোর অনুপ্রেরণা নরওয়ের জাতীয় দল ও তাঁর সাবেক ক্লাবগুলোর জার্সি থেকে নেওয়া। কিছু রং ম্যাচ দিনের তীব্রতা, আবার কিছু রং মাঠের বাইরের স্বস্তির জীবনকে নির্দেশ করে। প্রতিটি হেয়ার টাইয়ে ব্যবহৃত বিশেষ একটি বিড হলান্ডের নামে উত্সর্গীকৃত, যা সংগ্রহটিকে আলাদা মাত্রা দিয়েছে।
শুধু ব্র্যান্ডটির মুখ নয়, হলান্ড সরাসরি এই কোম্পানিতে বিনিয়োগও করেছেন। ব্যক্তিগতভাবে বহু দিন ধরে কেকেএনইকেকেআইয়ের পণ্য ব্যবহার করেন তিনি। অনুশীলন, ম্যাচ বা দৈনন্দিন জীবন—সব জায়গাতেই তাঁর পছন্দের তালিকায় থাকে এটি। এই দীর্ঘমেয়াদি ব্যবহার ও আস্থার কারণেই তিনি বিনিয়োগের সিদ্ধান্ত নেন। হলান্ড জানান, পণ্যের ওপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে এবং সেটিই এই সিদ্ধান্তের মূল চালিকা শক্তি।
নকশায় কিছুটা ভিন্নতা এলেও পণ্যের মূল বৈশিষ্ট্য অপরিবর্তিত রেখেছে প্রতিষ্ঠানটি। কেকেএনইকেকেআইয়ের প্রতিটি হেয়ার টাই ৬০টির বেশি সুতা দিয়ে বিশেষ বুননপ্রযুক্তিতে তৈরি। এ কারণে এটি দীর্ঘস্থায়ী, চুলের প্রতি কোমল এবং চুল না টেনে দৃঢ়ভাবে ধরে রাখার ক্ষমতা রাখে। একই সঙ্গে এটি কবজিতে ব্রেসলেট হিসেবেও ব্যবহার করা যায়। হলান্ড এডিশনের বক্সটির ইউরোপীয় বাজারমূল্য ছিল ২৮ ইউরো। বর্তমানে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ‘সোল্ড আউট’ লেখা দেখা যাচ্ছে, যা জনপ্রিয়তারই প্রমাণ।
১৯৮৭ সালে দক্ষিণ কোরিয়ায় যাত্রা শুরু করা কেকেএনইকেকেআই এখন নরওয়েজিয়ান একটি পারিবারিক প্রতিষ্ঠানের মালিকানাধীন। বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার প্রিমিয়াম স্টোরে ব্র্যান্ডটির পণ্য বিক্রি হয়, যার অধিকাংশ ইউরোপে অবস্থিত। হলান্ডের মতো তারকা এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ায় এর বাজার আরও বিস্তৃত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।




