পৃথিবীতে ডেটা সেন্টার নির্মাণের ফলে জমি, পানি ও বিদ্যুতের চাহিদা বাড়ছে, যা পরিবেশের জন্য হুমকি। এই সমস্যার সমাধানে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের ধারণা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ অরবিটাল। মাত্র পাঁচ মাস আগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২৪ জুন মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশনে (এফসিসি) একটি আবেদন জমা দিয়েছে। তাদের পরিকল্পনা পৃথিবীর নিম্ন কক্ষপথে (এলইও) এক লাখ কৃত্রিম উপগ্রহ স্থাপন করে একটি বিশাল ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরি করা। এই নেটওয়ার্কের মাধ্যমে এআই প্রক্রিয়াকরণের জন্য ১০ গিগাবাইট কম্পিউটিং শক্তি সরবরাহ করা সম্ভব হবে। আবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটগুলো ৫০০ থেকে ৮৫০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে এবং প্রতিটি ১০০ কিলোওয়াট শ্রেণির হবে। প্রতিটি স্যাটেলাইটের সোলার প্যানেল ও রেডিয়েটরের বিস্তার হবে প্রায় ১০০ মিটার। এই উপগ্রহগুলো তৃতীয় পক্ষের স্যাটেলাইট নেটওয়ার্ক, যেমন স্পেসএক্সের স্টারলিংক, এর সাথে অপটিক্যাল ইন্টারস্যাটেলাইট লিংকের মাধ্যমে লেজার প্রযুক্তিতে যোগাযোগ করবে। প্রতিষ্ঠানটি এফসিসি আবেদন জমা দেওয়ার আগেই ৫০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। অরবিটালের প্রধান নির্বাহী ইউউইন পুউন এর আগে স্পিন নামক একটি বৈদ্যুতিক স্কুটার কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরে ফোর্ড কিনে নেয়। তিনি মনে করেন, মহাকাশে ডেটা সেন্টার তৈরি করা জটিল কিছু নয়; এগুলো মূলত সোলার প্যানেল, রেডিয়েটর ও ইলেকট্রনিকসের সমন্বয়ে গঠিত সাধারণ সিস্টেম, তবে মহাকাশের শূন্যতা ও বিকিরণ সহ্য করার মতো করে তৈরি করতে হবে। এই খাতে অরবিটালই প্রথম নয়; এর আগে স্টারক্লাউড ও কাউবয় স্পেসও একই ধরনের পরিকল্পনা নিয়ে এফসিসিতে আবেদন করেছিল। তবে বড় চ্যালেঞ্জ হলো বিপুল সংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠানো। ইউউইন পুউনের মতে, উপগ্রহ তৈরি করা অপেক্ষাকৃত সহজ, কিন্তু এগুলো কক্ষপথে পৌঁছানোর জন্য শক্তিশালী ও সক্ষম মহাকাশযানের প্রয়োজন। সে কারণে অরবিটালসহ এই খাতের সবাই স্পেসএক্সের স্টারশিপ রকেটের বাণিজ্যিক সাফল্যের অপেক্ষায় আছে। স্টারশিপ যদি নিয়মিত ও পুনর্ব্যবহারযোগ্য উড্ডয়ন শুরু করে, তবে উৎক্ষেপণ ব্যয় বহুলাংশে কমে আসবে, যা মহাকাশ ডেটা সেন্টারকে বাস্তবে রূপ দেওয়ার মূল চাবিকাঠি। পৃথিবীতে ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় জমি, শীতলীকরণের পানি ও ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। মহাকাশে এই সুবিধাগুলো প্রাকৃতিকভাবেই পাওয়া যায়—সূর্য থেকে নিরবচ্ছিন্ন শক্তি, প্রাকৃতিক শীতল পরিবেশ ও জমির প্রয়োজন না থাকা। অরবিটালের এই প্রকল্প সফল হলে এআই শিল্পের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখতে পারে।
মহাকাশে ডেটা সেন্টার গড়তে এক লাখ এআই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা অরবিটালের
যুক্তরাষ্ট্রের স্টার্টআপ অরবিটাল মহাকাশে এক লাখ এআই স্যাটেলাইট স্থাপনের ঘোষণা দিয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে ডেটা সেন্টার তৈরি করে এআই চাহিদা পূরণের লক্ষ্য। স্পেসএক্সের স্টারশিপ রকেটের সাফল্যের ওপর নির্ভর করছে প্রকল্পটি।




