পাবনার ঈশ্বরদী উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা। নিহত ব্যক্তির নাম মানিক হোসেন ওরফে সুমন (৩২), যিনি মহাদেবপুর আজিজলতলা গ্রামের বাসিন্দা। গত রোববার দিবাগত রাত প্রায় তিনটার দিকে উপজেলার মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের ওই সময়ে হাবিবুল মণ্ডলের মুদিদোকানে চুরি করতে যান মানিক। দোকানের পাশেই হাবিবুলের বসতবাড়ি থাকায় শব্দ পেয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং মানিককে আটকানোর চেষ্টা করেন। সেই সময় মানিক তার কাছে থাকা একটি চায়নিজ কুড়াল দিয়ে হাবিবুলের হাত ও পিঠে এলোপাতাড়ি কোপ বসায়। হাবিবুলের চিৎকার শুনে তার দুই ছেলে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে মানিক। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মানিককে আটক করে এবং বেধড়ক পিটুনি দেয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হাবিবুল মণ্ডল ও তার দুই ছেলেকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। হাবিবুল মণ্ডলের অভিযোগ, চুরি করতে দেখে ফেলায় মানিক তার ও তার দুই ছেলের ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী এসে মানিককে আটক করে গণপিটুনি দেয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।