দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ বয় ব্যান্ড কর্টিস তাদের সাম্প্রতিক সাফল্যে নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী ১৮ ও ১৯ জুলাই ইনচনের ইনস্পায়ার অ্যারিনায় প্রথম একক কনসার্টের মাধ্যমে বিশ্ব সফর শুরু করবে দলটি। সিউল, টরন্টো, নিউইয়র্ক ও জাপানের কানাগাওয়াতেও কনসার্টের পরিকল্পনা রয়েছে। ইনচন ও উত্তর আমেরিকার সব কনসার্টের অগ্রিম টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এছাড়া ৩১ জুলাই ও ১ আগস্ট যুক্তরাষ্ট্রের শিকাগোতে ললাপালুজা উৎসবে একক পরিবেশনা করবে তারা। চলতি বছর এই উৎসবে একক মঞ্চ পাওয়া একমাত্র কে-পপ বয় ব্যান্ড কর্টিসই।
তবে ব্যান্ডটির সবচেয়ে বড় অর্জন তাদের গান ‘রেডরেড’ নিয়ে। স্পটিফাইয়ের দক্ষিণ কোরিয়ার ডেইলি টপ সং চার্টে টানা ৭০ দিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে গানটি। গত ২৭ এপ্রিল প্রথমবারের মতো চার্টের শীর্ষে ওঠে এটি এবং তারপর থেকে প্রথম অবস্থান থেকে সরে যায়নি। ১২ জুলাইয়ের চার্টে ৭০তম দিনেও শীর্ষে ছিল ‘রেডরেড’। এর মাধ্যমে তিন বছর চার মাসের পুরোনো একটি রেকর্ড ভেঙে গেছে। আগে ২০ জুন টানা ৫০ দিন শীর্ষে থেকে কে-পপ বয় ব্যান্ডের মধ্যে নতুন রেকর্ড গড়েছিল গানটি। পরবর্তীতে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘রেডরেড’।
শুধু দৈনিক চার্ট নয়, সাপ্তাহিক চার্টেও দাপট দেখাচ্ছে গানটি। ৩ থেকে ৯ জুলাইয়ের স্পটিফাই উইকলি টপ সংস কোরিয়া চার্টে টানা ১১ সপ্তাহ ধরে প্রথম স্থানে রয়েছে ‘রেডরেড’। এটিও কে-পপের জন্য নতুন মাইলফলক। বিগহিট মিউজিকের তথ্য অনুযায়ী, স্পটিফাইয়ে কর্টিসের মাসিক শ্রোতার সংখ্যা বর্তমানে ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার। দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডগুলোর মধ্যে এটি সর্বোচ্চ তিনটির একটি।
ব্যান্ডের পাঁচ সদস্য হলেন মার্টিন, জেমস, জুহুন, সিয়ংহিয়ন ও কনহো। নিজেদের গানের কথা ও সুর তৈরিতেও তারা অংশ নেন। ‘রেডরেড’-এর পাশাপাশি একই অ্যালবামের আরেকটি গান ‘ইয়াংক্রিয়েটরক্রু’ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে আরও বড় মঞ্চে দেখা যাবে কর্টিসকে।


