চাকরিপ্রার্থীদের মনোভাবে ব্যাপক পরিবর্তন এসেছে। আগে যেখানে প্রথম প্রশ্ন ছিল বেতন কত, সেখানে এখন মূল ভাবনা কাজের পরিবেশ কেমন, ছুটি পাবেন কি না এবং বাড়ি থেকে কাজের সুযোগ রয়েছে কি না। কর্মজীবনের সঙ্গে ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখাই এখন তরুণদের কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েটের ‘২০২৬ জেন–জি অ্যান্ড মিলেনিয়াল সার্ভে’য়েও এই ধারা স্পষ্টভাবে উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে, তরুণদের কাছে শুধু মোটা অঙ্কের বেতনই চূড়ান্ত লক্ষ্য নয়; কাজের মানসিক প্রশান্তি এবং নমনীয় কর্মঘণ্টা তাদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে।
বাংলাদেশের তরুণ প্রজন্মও এই বদলে যাওয়া ধারার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। বিভিন্ন উদীয়মান পেশায় তারা এখন আগ্রহ দেখাচ্ছে, যেখানে শুরুতে আয় কম হলেও কাজের স্বাধীনতা বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কন্টেন্ট রাইটিং ও সোশ্যাল মিডিয়া পরিচালনা। এই পেশায় মূলত বাড়ি থেকেই কাজ করার সুযোগ থাকে, ফলে যাতায়াতের দীর্ঘ সময় বেঁচে যায় এবং নিজের সৃজনশীলতা প্রকাশেরও স্বাধীনতা থাকে। এছাড়া অনলাইন টিচিং ও টিউটরিং এখন তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এডটেক প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট সময়ের বাইরে কাজের চাপ থাকে না। এর ফলে চাকরির পাশাপাশি নিজের পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়াও সহজ হয়।
গ্রাফিকস ডিজাইন ও বেসিক আইটি সাপোর্টের মতো খাতেও তরুণদের আগ্রহ বাড়ছে। ছোট ব্যবসা বা টেক ফার্মগুলোতে কাজের সময়সীমা সুনির্দিষ্ট থাকায় প্রথাগত করপোরেট অফিসের মতো তীব্র প্রতিযোগিতা বা মানসিক চাপ সহ্য করতে হয় না। ইভেন্ট ম্যানেজমেন্ট ও ক্রিয়েটিভ এজেন্সিতে শুরুর দিকে বেতন কম হলেও কাজের পরিবেশ প্রাণবন্ত হওয়ায় অনেক তরুণই এই পথ বেছে নিচ্ছেন। এখানে বিভিন্ন খাতের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয়, যা ভবিষ্যতে ক্যারিয়ার গড়তে সহায়ক। একইভাবে অডিও কনটেন্ট ও পডকাস্ট প্রডিউসার হিসেবে কাজ করার সুযোগও বাড়ছে। বাংলাদেশে অডিও মিডিয়ার প্রসারের সঙ্গে সঙ্গে এই পেশায় আধুনিক সাউন্ড টেকনোলজি ব্যবহারের সুযোগ মিলছে এবং অডিও স্টোরিটেলিং শিখে ভবিষ্যতের শক্ত ভিত তৈরি করা যাচ্ছে।
প্রযুক্তিপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ব্র্যান্ডের অনলাইন গ্রুপ পরিচালনার কাজ অর্থাৎ কমিউনিটি ও ব্র্যান্ড এনগেজমেন্ট স্পেশালিস্টের ক্ষেত্রেও এখন ঘরে বসেই দেশি-বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন তরুণেরা। এতে করে আধুনিক টেক-টুলস ব্যবহারের দক্ষতা বাড়ছে। পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা ইকো-সাসটেইনেবিলিটি ও গ্রিন প্রজেক্ট অ্যাসোসিয়েট পেশাটিও তরুণদের কাছে নতুন সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক বাজারে এই দক্ষতার চাহিদা তৈরি হওয়ায় অভিজ্ঞতা অর্জনের জন্য অনেকে এই খাত বেছে নিচ্ছেন।
এ ধরনের চাকরিতে শুরুতে মোটা অঙ্কের অর্থ না মিললেও পাশাপাশি অর্জিত হচ্ছে বহুমুখী দক্ষতা। যানজটের ধকল ও অতিরিক্ত মানসিক চাপ না থাকায় যে সময়টুকু বেঁচে যায়, তা কাজে লাগিয়ে অনেকে নিয়মিত গান, অভিনয় বা নতুন বাদ্যযন্ত্রের চর্চা করছেন। আবার অনেকে সময় দিচ্ছেন এআই প্রম্পটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি শেখায়। শিল্পচর্চা ও প্রযুক্তির এই সংমিশ্রণ তরুণদের আরও দক্ষ করে তুলছে, যা ভবিষ্যতে তাদের পেশাজীবনকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। এই অর্জিত দক্ষতা শুধু আর্থিক সুরক্ষাই দেবে না, বরং প্রাচুর্যকে সৃজনশীলভাবে উপভোগ করার বিশাল সুযোগ তৈরি করে দেবে বলে মনে করা হচ্ছে।




