মধ্য ইউরোপে প্রচণ্ড তাপপ্রবাহের জেরে বুধবার স্লোভাকিয়া ও অস্ট্রিয়ায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্লোভাকিয়ার জন্য এটি ছিল এ বছরের গ্রীষ্মে তৃতীয়বারের মতো তাপমাত্রার রেকর্ড ভাঙার ঘটনা। স্লোভাক আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের কামেনিকা নাদ হরনোম শহরে তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি সেলসিয়াসে (১০৬.৫ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ২৯ জুন তুর্না নাদ বোদভোতে ৪১.০ ডিগ্রি সেলসিয়াস এবং ৩০ জুন কামেনিকা নাদ হরনোমেই ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই মান ২০০৭ সালে হুরবানোভো শহরে রেকর্ড করা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াসের (১০৪.৫ ফারেনহাইট) আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এছাড়া মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত রাতের তাপমাত্রাও ছিল সর্বোচ্চ, দক্ষিণ-পশ্চিম স্লোভাকিয়ার স্কালিকা শহরে রাতে তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস (৮৩ ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে। অন্যদিকে অস্ট্রিয়াতেও তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। জিওস্ফিয়ার আবহাওয়া পরিষেবা জানিয়েছে, স্লোভাকিয়ার সীমান্তবর্তী বাড ডয়েচ-আলটেনবার্গে তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে (১০৬.১ ফারেনহাইট) পৌঁছে আগের দিনের ৪১.০ ডিগ্রি সেলসিয়াসের (১০৫.৮ ফারেনহাইট) রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে গ্রীষ্মের শুরুতে চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিতেও তাদের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই বছর ইউরোপ একটি অস্বাভাবিক গরম ও শুষ্ক গ্রীষ্মের কবলে পড়েছে, যার ফলে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে এবং লক্ষাধিক মানুষ তাদের বাড়িঘর ও ছুটির স্থান ছেড়ে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার মতে, বিশ্বের দ্রুততম উষ্ণায়নশীল অঞ্চল ইউরোপ—১৯৮০-এর দশক থেকে এখানে তাপমাত্রা বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে।
টানা তৃতীয়বারের মতো নিজেদের তাপমাত্রার রেকর্ড ভাঙল স্লোভাকিয়া
মধ্য ইউরোপে তীব্র তাপপ্রবাহ অব্যাহত; স্লোভাকিয়ায় ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস ও অস্ট্রিয়ায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইউরোপ দ্রুত উষ্ণায়নের কারণে দাবানল ও জনজীবন বিপর্যস্ত।



