সিডনিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাংলাদেশি শিক্ষার্থীর জন্য সংগৃহীত তহবিল তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে বাংলাদেশ–অস্ট্রেলিয়া দুর্যোগ ত্রাণ কমিটি (বিএডিআরসি)। প্রায় পাঁচ মাস আগে দুর্ঘটনায় আহত ওই শিক্ষার্থী বর্তমানে লিভারপুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ বহনে পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিল না, এমন পরিস্থিতিতে এগিয়ে আসে প্রবাসী সংগঠনটি।
উচ্চশিক্ষার লক্ষ্যে বাংলাদেশ থেকে সিডনিতে পাড়ি জমান শিক্ষার্থীটি। পড়াশোনার পাশাপাশি কাজও করছিলেন তিনি। হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে দেশ থেকে ছেলের কাছে ছুটে যান তার বাবা। কিন্তু বিদেশে চিকিৎসার বিশাল ব্যয় মেটানো তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। এই অবস্থায় আহত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বিএডিআরসি।
সংগঠনটির উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম এবং প্রবাসীদের ব্যক্তিগত অনুদানের মাধ্যমে তোলা হয় ১০ হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ লাখ টাকা। সম্প্রতি সিডনির লিভারপুল হাসপাতালের ব্রেইন ইনজুরি পুনর্বাসনকেন্দ্রের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওই অর্থ আহত শিক্ষার্থীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীর বাবা, তার বন্ধুবান্ধব এবং সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। তহবিল গ্রহণের পর আহত শিক্ষার্থীর বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবার কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চান।
বিএডিআরসির সভাপতি আজাদ আলম জানান, দেশের যেকোনো দুর্যোগে কিংবা প্রবাসে কোনো বাংলাদেশির মানবিক প্রয়োজনে কমিউনিটির লোকজন সব সময় এগিয়ে আসে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। প্রবাসে এই ঐক্যবদ্ধ মানবিক প্রচেষ্টা বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রশংসা কুড়িয়েছে।




