রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্টকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ৫৪ জনের মধ্যে ৫২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ৫৪ জনের মধ্যে ৫২ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি দুইজনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং মামলার তদন্ত এখনো চলমান। তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে বলা হয়। আসামিরা জামিন পেলে আত্মগোপনে চলে যেতে পারেন—এমন আশঙ্কার কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটকে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আজ আসামিদের আদালতে হাজির করা হয়নি এবং তাদের পক্ষে জামিনের কোনো আবেদনও করা হয়নি। এর আগে ভাটারা থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ‘এম’ ব্লকের ২৮ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালানো হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। ১৫ আগস্ট উপলক্ষে তারা ওই বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানায়।

অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা মুঠোফোন ও তিনটি ব্যানার জব্দ করা হয়। জব্দ করা ব্যানারে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কথা লেখা ছিল এবং সংগঠনের নেতা-কর্মীদের ছবিও ছিল। পুলিশ জানায়, আসামিরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন এবং রাজনৈতিক কর্মসূচির নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা, ষড়যন্ত্র এবং অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।