যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামে শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনসহ তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো জামদিয়া গ্রামের নিছার আলীর মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০) এবং একই গ্রামের আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০)। শিক্ষার্থী হিসেবে লামিয়া ষষ্ঠ শ্রেণিতে, সুলতানা চতুর্থ শ্রেণিতে এবং ফাহিমা তৃতীয় শ্রেণিতে পড়ত।

জানা যায়, দুপুর ১২টার দিকে তিন শিশু একসাথে ফাহিমার দাদা ইকরাম মোল্যার বাগানের ভেতরে অবস্থিত পুকুরে গোসল করতে যায়। ওই পুকুরে সাধারণত খুব কম মানুষই গোসল করতে নামেন। পুকুরের ধারে তাদের স্যান্ডেল ও গোসলের পর পরার জন্য পোশাক রেখে তারা পানিতে নামে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরপাড়ে গিয়ে তিন জোড়া স্যান্ডেল ও পোশাক পরে থাকতে দেখতে পান তারা। কিন্তু চারপাশে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় পরিবারের। এরপর পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে তিন শিশুর নিথর দেহ ভেসে উঠে।

লামিয়া ও সুলতানার দাদা আবদুর রউফ জানান, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বাচ্চারা ফিরে না আসায় আমরা খুঁজতে বের হই। পুকুরের ধারে তাদের কাপড়-জুতা দেখে সন্দেহ হয়। পানিতে নেমে দেখি, তারা আর বেঁচে নেই।

পরে স্থানীয়রা তিন শিশুর মরদেহ উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।