সাদা আসবাব ঘরের সৌন্দর্য বাড়ায়, কিন্তু ধুলা, আঙুলের ছাপ, খাবারের দাগ বা অতিরিক্ত আর্দ্রতার কারণে এর সৌন্দর্য দ্রুত নষ্ট হতে পারে। ইন্টেরিয়র ডিজাইনার মমিন হোসাইন জানান, সব সাদা আসবাবের যত্নের নিয়ম এক নয়; বরং এটি কোন উপাদানে তৈরি, তার ওপরই মূলত নির্ভর করে পরিষ্কার-পরিচর্যার কৌশল। তিনি জোর দিয়ে বলেন, প্রতিদিন শুকনা কাপড় দিয়ে ধুলা মুছে ফেলা সবচেয়ে জরুরি; আর উপাদান বুঝে নিয়ম মেনে চললে সাদা আসবাব দীর্ঘদিন নতুনের মতো থাকে।

কাঠের ওপর ডুকো পেইন্ট স্প্রে করে দেওয়া হয়, যা আসবাবে চকচকে ও মসৃণ উভয় ধরনের ভাব তৈরি করে। বাড়িতে প্রশান্তিময় পরিবেশ আনার জন্যই মূলত মানুষ এই রং বেছে নেয়, যদিও ডুকো পেইন্ট দিয়ে যেকোনো রংই আনা সম্ভব। ডুকো করা আসবাব পরিচ্ছন্ন রাখতে প্রথমে শুকনা, নরম সুতি কাপড় দিয়ে ধুলা সরিয়ে নিতে হবে। নিয়মিত ধুলা পরিষ্কার করলে ময়লার পুরু স্তর জমার সুযোগ পায় না। মাসে অন্তত একবার গভীরভাবে পরিষ্কারের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, স্বাভাবিক তাপমাত্রার পানিতে সামান্য সাবান মিশিয়ে নরম কাপড় ভিজিয়ে পুরো আসবাব মুছে ফেলা দরকার। তারপর সঙ্গে সঙ্গে শুকনা কাপড় দিয়ে ভেজা অংশ মুছে দিতে হবে, যেন আর্দ্রতা না থাকে। এই ধরনের আসবাব রোদ, তাপ ও বৃষ্টি থেকে দূরে রাখা বিশেষ জরুরি; দীর্ঘক্ষণ রোদ বা পানিতে থাকলে পেইন্টের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। খাবার টেবিল ডুকো করা হলে গরম পাত্রের নিচে ম্যাট ব্যবহার করা ভালো, যাতে সরাসরি তাপ না লাগে।

এমডিএফ বা ইঞ্জিনিয়ারড উডের সাদা আসবাবের জন্যও প্রথম ধাপে শুকনা কাপড় দিয়ে ধুলা পরিষ্কার করা প্রয়োজন। এরপর এক কাপ সাদা ভিনেগারের সঙ্গে দুই কাপ কুসুম গরম পানি মিশিয়ে পাতলা কাপড় ভিজিয়ে পুরো আসবাব মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়। দাগ তুলতে অল্প পানি ব্যবহার করা ভালো, তবে সতর্ক থাকতে হবে যেন পানি বোর্ডের কিনারা বা জোড়ায় প্রবেশ না করে। কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিয়ে দাগের জায়গা মুছে ফেলতে হবে। পরিষ্কার শেষে দ্রুত শুকনা কাপড় দিয়ে পানি সরিয়ে নিতে হবে; পানি জমে থাকলে কাঠ ফুলে যাওয়ার ঝুঁকি থাকে।

বর্তমানে বাড়িতে সবচেয়ে জনপ্রিয় সাদা মেলামাইন ফিনিশড আসবাব। এই উপাদানের আসবাব সাদা রাখতে খুব বেশি পরিশ্রম লাগে না; শুধু নিয়মিত ধুলা পরিষ্কার করলেই দীর্ঘদিন রং স্থায়ী হয়। মাসে একবার গভীর পরিষ্কারের সময় শক্ত বা ধাতব স্ক্রাবার ব্যবহার করা যাবে না, কারণ এতে চকচকে ফিনিশে আঁচড় পড়ে সাদা রঙের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে।

সবচেয়ে বেশি সতর্কতা প্রয়োজন কৃত্রিম চামড়ার সাদা আসবাবের ক্ষেত্রে। সোফা বা চেয়ার পরিষ্কারের আগে নরম কাপড় বা ভ্যাকুয়াম ক্লিনারের নরম ব্রাশ দিয়ে ধুলা সরিয়ে নিতে হবে। প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী ক্লিনার ব্যবহার করাই নিরাপদ; না জেনে তীব্র রাসায়নিক ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। চা, কফি বা অন্য তরল ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে পরিষ্কার শুকনা কাপড় দিয়ে শুষে নিতে হবে; ঘষাঘষি করলে দাগ ছড়িয়ে পড়তে পারে এবং চামড়ার পৃষ্ঠ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই আসবাবও সরাসরি রোদ ও অতিরিক্ত তাপ থেকে দূরে রাখা দরকার।

সাদা আসবাব দ্রুত ময়লা হওয়ায় রঙের উজ্জ্বলতা হারিয়ে যায়; তবে উপাদান বুঝে সঠিক যত্ন নিলে তা নতুনের মতো ধরে রাখা সম্ভব। অনেক বেশি ময়লা বা রং নষ্ট হয়ে গেলে পুনরায় রং করিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।