চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় আজ মঙ্গলবার সকালে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে ওই শিক্ষার্থী হতাশায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বাকলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।

নিহত শিক্ষার্থীর বয়স ১৯ বছর। তিনি চলতি বছর নগরের একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, পরীক্ষার ফল খারাপ হওয়ার কারণেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলেও তিনি উল্লেখ করেন।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, ফলাফল প্রকাশের পর থেকেই ওই শিক্ষার্থী অস্বাভাবিক আচরণ করছিল। এর আগে থেকেই সে হতাশাগ্রস্ত ছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।